লাকসামে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের তিন নেতাসহ গ্রেপ্তার ৭
কুমিল্লার লাকসামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের তিন নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌরশহর ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা হলেন- উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্ডা গ্রামের মো.
সুরুজ মিয়া (৭০), একই ইউনিয়নের নৈরপাড় গ্রামের আমির হোসেন (৫৪) এবং উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামের মাঈন উদ্দিন (৩৮)। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটির নম্বর ০৫/১৩৯, তারিখ ১০ নভেম্বর ২০২৬।
এদিকে একই অভিযানে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিনয়ই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইয়াকুব (২০), জামাল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৯) এবং কোমারডোগা গ্রামের মোবারক আলীর ছেলে রবিউল হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪(৬) ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দরবেশপাড়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে জিহাদ হোসেনকে (২৬) বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩৫ ধারার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটির নম্বর ১০/১১১, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬।
লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী সাতজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে পৃথক আইনি ধারায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মতামত দিন