সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ ৩ আসামি রিমান্ডে

রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে বিভিন্ন মেয়া

রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। আসামি দোলনকে ৭ দিন এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদকে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো.

সেলিম রেজা। আবেদনে বলা হয়, গ্রেপ্তার তিন আসামি ওই ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তাদের সঙ্গে মামলার পলাতক আসামিদের যোগাযোগ রয়েছে। আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন এবং বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন। মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাদের গ্রেপ্তার, অর্থের উৎস শনাক্ত ও অস্ত্র উদ্ধারের স্বার্থে প্রত্যেককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি ও কুদরত-ই-খোদা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করে বলেন, ধানমন্ডির ছয় মাস আগের একটি ঘটনায় সাবেক সচিব ও সংসদ সদস্যরা মিছিলে অংশ নিয়েছিলেন—এমন অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। এ মামলায় আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মতো কোনো উপাদান নেই; মূলত রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলাটি করা হয়েছে।

তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে হলে কারাগারের ফটকে (জেলগেটে) জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। অভিনেতা তমালের আইনজীবী তাসলিমা জাহান পপি শুনানিতে বলেন, তার মক্কেল হৃদরোগে আক্রান্ত। সন্ত্রাসবিরোধী আইনে কাউকে গ্রেপ্তার করতে হলে সংশ্লিষ্টতার পক্ষে ব্যানার, ভিডিও ফুটেজসহ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকতে হয়, কিন্তু এ ক্ষেত্রে সেসবের কিছুই নেই। তিনি অসুস্থ হওয়ায় রিমান্ড বাতিল করে জামিন চাওয়া হয়েছে। এ সময় বিচারক মেডিকেল প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে আইনজীবী বলেন, এ জন্য আবেদন করতে হবে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের সর্বোচ্চ ১০ দিনের রিমান্ড আবেদন করে বলেন, এ ঘটনায় অপরাধে সহায়তার (অ্যাবেটমেন্ট) বিষয় রয়েছে। আসামিরা প্রত্যেকেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ও দলটির সুবিধাভোগী এবং বিভিন্ন সময়ে বুদ্ধিবৃত্তিকভাবে দলটিকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করেছেন।

তাদের পেছনে কারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন, তা জানতে রিমান্ড প্রয়োজন। রাষ্ট্রপক্ষের বক্তব্যের জবাবে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের আইনজীবী কুদরত-ই-খোদা বলেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বাইরেও সাতক্ষীরায় তার মক্কেলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাঁর বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোর সবই ৫ আগস্টের আগের; এরপর আর কোনো মামলা হয়নি। জবাবে রাষ্ট্রপক্ষ দাবি করে, ৫ আগস্টের পরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দোলনের ৭ দিন এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗