ট্রাম্পের সঙ্গে কিমের বহুল আলোচিত সাক্ষাৎ কেন হলো না
এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে একাধিকবার কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত বহুল আলোচিত সেই সাক্ষাৎ আর হয়নি। ট্রাম্পের সফরের পুরোটা সময় কিমকে দেখা গেছে শীতকালীন অবকাশকেন্দ্র, পবিত্র পর্বত ও নৌবাহিনীর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে। ওয়াশিংটনের আহ্বানে তিনি কোনো সাড়া দেননি। বৃহস্পতিবার রাতে এশিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন ট্রাম্প। চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক হলেও কিমের সঙ্গে সাক্ষাৎ ছাড়াই শেষ হয় তার সফর।
কেন এই বৈঠক হলো না, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, বিষয়টি কেবল দুই নেতার ব্যস্ত সূচির কারণে নয়; বরং যুক্তরাষ্ট্রের প্রতি উত্তর কোরিয়ার অনাস্থা, পারমাণবিক অস্ত্র নিয়ে দুই দেশের বিপরীত অবস্থান এবং বৈঠকের প্রস্তুতির অভাবও এর পেছনে কাজ করেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার সাক্ষাৎ হয়েছিল। এর মধ্যে ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত বৈঠক ছিল বিশেষভাবে আলোচিত। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনাই ছিল এসব বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য। তবে শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই আলোচনা ভেঙে যায়।
হ্যানয়ের বৈঠক ব্যর্থ হওয়ার পর প্রায় ৬০ ঘণ্টার ট্রেনযাত্রা করে দেশে ফিরেছিলেন কিম। ওই অভিজ্ঞতা থেকে উত্তর কোরীয় নেতা হয়তো এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নীতির ওপর নির্ভর করা যায় না। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই কিমের সঙ্গে নতুন করে বৈঠকের আগ্রহ প্রকাশ করে আসছেন। গত বছর এশিয়া সফরের আগে পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন তিনি। এমনকি উত্তর কোরিয়াকে ‘একধরনের পারমাণবিক শক্তিধর দেশ’ বলেও উল্লেখ করেছিলেন। তবে সে সময়ও কোনো সাড়া মেলেনি।
চলতি বছরের মার্চে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী কিম মিন-সুক জানিয়েছিলেন, কিম জং উনের সঙ্গে বৈঠক হলে তা ভালো হবে বলে মনে করেন ট্রাম্প। এশিয়া সফরের সময়ও মার্কিন প্রেসিডেন্ট নতুন বৈঠকের সম্ভাবনা সামনে আনেন। কিন্তু কিম নীরবই থাকেন। বৈঠক না হওয়ার কারণ হিসেবে ব্যস্ততার কথা বলেছেন ট্রাম্প নিজেই। এনবিসি নিউজের সাংবাদিক গ্যাবে গুতিয়েরেজের বরাতে জানা গেছে, এশিয়া থেকে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প বলেন, ‘সম্পর্ক রয়েছে, কিন্তু আমাদের দেখা হয়নি।’
মতামত দিন