ঢাকা মহানগর উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশের পাশাপাশি মহানগরী উত্তরের পক্ষ থেকে আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন একটি ওয়ার্ডে নাগরিক সমাবেশের আয়োজন করবে দলটি। আজ শুক্রবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয় মাসে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় সেলিম উদ্দিন বলেন, ‘নিরাপদ রাজধানী গড়ার দাবিতে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
এসব সমাবেশে দল-মত, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হবে। একটি সমাবেশকে কেন্দ্র করে একাধিক মিছিল, সভা, সমাবেশ ও গণসংযোগ কর্মসূচিও চলবে।’ তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে আমরা পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। ঢাকা মহানগরী উত্তরে কেন্দ্রের প্রতিটি কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। এর বাইরে মহানগরীর পক্ষ থেকে আরও ৬০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। সব মিলিয়ে আমাদের ১০০ দিনের কর্মসূচি।
কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, আমাদের শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন, মহিলা সংগঠন এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এতে অংশ নেবেন। প্রতিদিন একটি ওয়ার্ডে বড় নাগরিক সমাবেশ হবে। সেই সমাবেশকে কেন্দ্র করে মিছিল, সভা ও গণসংযোগ চলবে। রমজান মাসে ধর্মীয় মর্যাদা বিবেচনায় রেখে ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ফেব্রুয়ারি শেষে মার্চ মাসে নতুন কর্মসূচি নেওয়া হবে, ইনশাআল্লাহ।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও রাষ্ট্রীয় সময় অতিক্রম করছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায়ের আলোকে একটি নিরাপদ রাষ্ট্র, আইনের শাসন, ন্যায়বিচার ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তিনি বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্রে কোনো নাগরিকের জীবন ও সম্পদ অনিরাপদ থাকতে পারে না। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
মতামত দিন