ইমরান খানের চিকিৎসায় সুপ্রিম কোর্টের আদেশ কার্যকরের দাবি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বিচার বিভাগের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন দেশটির বার কাউন্সিলের আট সদস্য। একই সঙ্গে ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের আগের আদেশ কার্যকরের দাবি জানিয়েছেন তারা। এক বিবৃতিতে পাকিস্তান বার কাউন্সিলের (পিবিসি) ওই আট সদস্য বলেন, ইমরানের চিকিৎসার আবেদন দ্রুত শুনানিতে নিয়ে তার ও স্ত্রীর জীবন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আদালতের নির্দেশ বাস্তবায়নের পাশাপাশি তাদের যথাযথ চিকিৎসা, ন্যায়বিচার ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান তারা। বিবৃতিতে স্বাক্ষর করেছেন আবিদ শহিদ জুবেরি, মুহাম্মদ মাকসুদ বাট্টার, শফকত মেহমুদ চৌহান, আবদুস সাত্তার খান, মুনির আহমেদ কাকার, সালমান আকরাম রাজা, সালাহউদ্দিন আহমেদ ও কাজী মুহাম্মদ আরশাদ।
গত ১৮ আগস্ট ইমরানের শারীরিক অবস্থা নিয়ে করা কয়েকটি আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ তাকে দুই দিনের মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সরকার তাকে শিফা হাসপাতালে না নিয়ে সরকারি প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়। পরে তাকে আবার কারাগারে ফিরিয়ে দেওয়া হয়। পাকিস্তানের সংবিধানের ৯ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার এবং ১০-এ অনুচ্ছেদে ন্যায়বিচার ও যথাযথ আইনি প্রক্রিয়ার নিশ্চয়তা রয়েছে উল্লেখ করে বার কাউন্সিলের সদস্যরা বলেন, ইমরান, তার স্ত্রী, পরিবার ও দলের সদস্যদের এসব অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এর আগে ১৬ নভেম্বর ফেডারেল সাংবিধানিক আদালত, সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি দেন ইমরান।
এতে নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানান তিনি। চিঠিতে ইমরান বলেন, ‘আমি বেঁচে থাকলেই কেবল বিভিন্ন মামলায় নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব।’ বার কাউন্সিলের আট সদস্য তাদের বিবৃতিতে বলেন, সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আদালতের নির্দেশ মেনে ইমরান ও বুশরা বিবির চিকিৎসা নিশ্চিত করতে হবে। তাদের জীবন ও স্বাধীনতা বিপন্ন হলে এর দায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকেই নিতে হবে বলেও সতর্ক করেন তারা। প্রয়োজনে এই দম্পতির জীবন, স্বাধীনতা এবং সাংবিধানিক ও আইনগত অধিকার রক্ষায় আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণের কথাও জানান। বিবৃতিতে ইমরান ও তার স্ত্রীর সঙ্গে কথিত বেআইনি ও অসাংবিধানিক আচরণের তীব্র নিন্দা জানানো হয়।
তাদের দাবি, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় দম্পতিকে আটক রাখা হয়েছে এবং কারাবিধি ও আইনি প্রক্রিয়া লঙ্ঘন করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দেওয়া দণ্ডের আপিল শুনানির জন্যও নির্ধারণ করা হয়নি বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। এমনকি জামিনের আবেদনগুলোও শুনানির অপেক্ষায় রয়েছে।
মতামত দিন