ছয় মাসে চীনে প্রায় ৯ লাখ এআই চিপ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছয় মাসে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রায় ৯ লাখ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানির অনুমোদন দিয়েছে। এসব চিপ তৈরি করেছে মার্কিন প্

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছয় মাসে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রায় ৯ লাখ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানির অনুমোদন দিয়েছে। এসব চিপ তৈরি করেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত এসব রপ্তানির অনুমোদন দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। কমিটির প্রকাশ করা তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় মোট ৮ লাখ ৭৯ হাজার চিপ রপ্তানির অনুমোদন দিয়েছে।

এর মধ্যে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান আলিবাবার জন্য ৭৫ হাজার, টেনসেন্টের জন্য ১ লাখ ৫০ হাজার, বাইদুর জন্য ৪৩ হাজার এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির জন্য ৪ হাজার চিপ রয়েছে। তবে ওই ছয় মাসে চীনে ৩৪ লাখ চিপ পাঠানোর অনুমতি চেয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠান। কমিটির প্রকাশ করা নথিতে এ তথ্য উঠে এসেছে। চিপ রপ্তানির অনুমোদনসংক্রান্ত তথ্য প্রকাশের ঘটনাকে অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে। কারণ, এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনের এক কথিত গুপ্তচরের সম্পর্কের খবর প্রকাশের পর ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বেড়েছে।

এ ঘটনায় চীনের প্রযুক্তিগত হুমকি মোকাবিলায় আরো কঠোর অবস্থান নেওয়ার দাবি নতুন করে জোরালো হয়েছে। কমিটির প্রতিবেদনে উল্লেখ করা চারটি চীনা প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তালিকায় রয়েছে। এসব প্রতিষ্ঠানকে চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হয়। প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট রপ্তানি নিয়ন্ত্রণ সংস্কার আইনের আওতায় এনভিডিয়া ও এএমডির এআই চিপ রপ্তানির লাইসেন্স আবেদনের তথ্য প্রকাশ করেছেন। কমিটির এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

তবে অনুমোদন পাওয়া চিপগুলোর কতগুলো শেষ পর্যন্ত চীনে পাঠানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অনুমোদিত চিপগুলোর মধ্যে রয়েছে এনভিডিয়ার এইচ২০০ এবং এএমডির একই শ্রেণির এমআই৩২৫এক্স চিপ।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗