২০৩০ সালের মধ্যে ডেটা সেন্টারের কার্বন নিঃসরণ বাড়বে ৭০ শতাংশ: আইইএ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তারে বিশ্বজুড়ে ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা বাড়ছে। এই চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র ও চীনে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন বাড়তে পারে। ফলে ২০৩০ সালের মধ্যে ডেটা সেন্টার খাতের কার্বন নিঃসরণ ৭০ শতাংশ বেড়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির বার্ষিক ওয়ার্ল্ড এনার্জি আউটলুক ২০২৬ প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ বিশ্বজুড়ে ডেটা সেন্টারের বিদ্যুৎ ব্যবহার বর্তমানের তুলনায় দ্বিগুণ হতে পারে। এই বাড়তি চাহিদার প্রায় তিন-চতুর্থাংশই তৈরি হবে এআই প্রযুক্তির প্রসারের কারণে। আইইএর হিসাবে, আগামী চার বছরে এআই ডেটা সেন্টারগুলোতে বছরে অতিরিক্ত ৩৫০ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুতের প্রয়োজন হবে।
এই পরিমাণ বিদ্যুৎ যুক্তরাজ্যের এক বছরের মোট বিদ্যুৎ ব্যবহারের চেয়েও বেশি। ডেটা সেন্টারে এআইসহ বিভিন্ন ডিজিটাল সেবা পরিচালনার জন্য বিপুলসংখ্যক কম্পিউটার সার্ভার রাখা হয়। এসব সার্ভার চালু রাখা এবং অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে রাখতে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের স্থাপনার সংখ্যাও দ্রুত বাড়ছে। তবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লেও ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা মেটাতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আইইএ। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে চীনের এআই ডেটা সেন্টারগুলোর প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় অর্ধেক আসবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে। বাকি বিদ্যুতের বড় অংশ আসবে নবায়নযোগ্য উৎস থেকে। পারমাণবিক বিদ্যুতের অবদান থাকবে তুলনামূলক কম। অন্যদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টারগুলোর বিদ্যুতের প্রায় ৬০ শতাংশ প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদনের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আইইএর তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ চাহিদা মেটাতে প্রায় ১৮০ গিগাওয়াট সক্ষমতার নতুন গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ছিল। এই সক্ষমতা ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে স্থাপিত মোট গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার কাছাকাছি।
কানাডায় ডেটা সেন্টারের জন্য নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে ১১ গিগাওয়াটের। যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টার খাতে গ্যাস ব্যবহারের পরিকল্পনা কানাডার তুলনায় ১৬ গুণেরও বেশি। অন্য দেশগুলোতে এআই অবকাঠামোর জন্য নতুন গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাবিত সম্মিলিত সক্ষমতা মাত্র ৪ গিগাওয়াট।
মতামত দিন