অভিশংসন প্রস্তাব আটকালেও নজরদারিতে হেগসেথ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আটকে গেছে। তবে তাতে তার দায়িত্ব পালন নিয়ে বিতর্কের অবসান হয়নি। বরং মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর নতুন করে চ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আটকে গেছে। তবে তাতে তার দায়িত্ব পালন নিয়ে বিতর্কের অবসান হয়নি। বরং মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর নতুন করে চাপের মুখে পড়েছেন তিনি। আগামী জানুয়ারিতে কংগ্রেসের দুই কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা কার্যকর হলে হেগসেথের মন্ত্রিত্ব টিকবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ পরিচালনা এবং বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে তার ভূমিকা এখন বিশেষভাবে আলোচনায়। বিশ্লেষকদের মতে, হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক নীতিতে এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

কারণ, যুদ্ধ পরিচালনায় প্রতিরক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রেসিডেন্টের হাতেও রয়েছে। পেন্টাগনের সাবেক মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা জেসমিন আল-গামাল বলেন, যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে প্রতিরক্ষামন্ত্রী অত্যন্ত ক্ষমতাধর একজন অংশীদার। তবে শুধু হেগসেথকে লক্ষ্য করে ব্যবস্থা নিলেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর মতো সিদ্ধান্তের জবাবদিহি নিশ্চিত করা যাবে না। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিচালনায় হেগসেথের যথেষ্ট ক্ষমতা রয়েছে। তবে তিনি প্রেসিডেন্ট ও তার উপদেষ্টাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। আল-গামাল বলেন, হেগসেথকে কেবল সিদ্ধান্ত বাস্তবায়নকারী হিসেবে বিবেচনা করলে তার ক্ষমতাকে খাটো করে দেখা হবে।

আবার তাকেই যুদ্ধের একমাত্র পরিকল্পনাকারী হিসেবে দেখলে প্রেসিডেন্টের ক্ষমতা আড়াল করা হবে। একই সঙ্গে কোন সিদ্ধান্ত কোথায় নেওয়া হয়েছে, সেটিও অস্পষ্ট থেকে যাবে। ২০২৫ সালের ২৫ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকটি বিতর্কিত সামরিক অভিযানের তদারকি করেছেন হেগসেথ। এর মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ধারাবাহিক প্রাণঘাতী হামলা। এসব অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের রিপাবলিকান দলের জন্য বড় রাজনৈতিক বোঝা হয়ে ওঠে।

চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত এক জনমত জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৪৪ শতাংশ ভোটার বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে কোনো প্রার্থী ইরান যুদ্ধকে সমর্থন করলে তাকে ভোট দেওয়ার সম্ভাবনা কমে যাবে। বিপরীতে মাত্র ১৩ শতাংশ ভোটার বলেছেন, যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া প্রার্থীকে ভোট দেওয়ার আগ্রহ তাদের বাড়বে। অর্থাৎ যুদ্ধের সমর্থক প্রার্থীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণকারী ভোটারের সংখ্যা তিন গুণেরও বেশি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗