গণহত্যার রায়ে রোহিঙ্গাদের চোখে আনন্দাশ্রু, বাড়ি ফেরার প্রার্থনা
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায় দেশটির ওপর চাপিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর আনন্দে কেঁদেছেন কক্সবাজারের শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। কেউ স্বজনকে জড়িয়ে ধরে কেঁদেছেন, কেউ আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আবার কেউ বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে বসে রায়ের খবর শুনেছেন। দীর্ঘদিনের নির্যাতন ও বাস্তুচ্যুতির পর এই রায়কে নিজেদের ভোগান্তির আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন তারা। একই সঙ্গে নতুন করে আশা করছেন, এবার হয়তো নিজ দেশে ফেরার পথ খুলবে। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরের ১-ই ক্যাম্পের আশ্রয়কেন্দ্রে বসে মোবাইলফোনে খবর দেখছিলেন উম্মে রুমান।
বিকেল থেকেই আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু ইন্টারনেটের ধীরগতির কারণে সরাসরি সম্প্রচার বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। পরে ফেসবুক খুলে একটি শিরোনাম দেখতে পান তিনি। তাতে লেখা ছিল, ‘আইসিজে নিশ্চিত করেছে, মিয়ানমার গণহত্যা চালিয়েছে।’ খবরটি দেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন রুমান। আনন্দে লাফিয়ে ওঠেন। তার ভাবি তখন রান্না করছিলেন।
রুমান দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন। কী ঘটেছে, তা বলার আগেই কান্নায় ভেঙে পড়েন তিনি। রুমান বলেন, ‘আনন্দে আমার চোখে পানি চলে এসেছিল। কারণ, এই প্রথম বিশ্ব স্বীকার করল, আমাদের সঙ্গে কী ঘটেছিল।’ গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছেন, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায় দেশটির। ওই অভিযানে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন বলে আদালত উল্লেখ করেছেন। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় দেওয়া এই ঐতিহাসিক রায়ে বছরের পর বছর ধরে অস্বীকার করে আসা রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার স্বীকৃতি মিলেছে।
প্রায় এক দশক ধরে বিচার পাওয়ার অপেক্ষায় থাকা শরণার্থীদের মধ্যে রায়টি স্বস্তি, আবেগ ও নতুন আশার সঞ্চার করেছে। রুমান বলেন, ‘আমার কাছে এটি শুধু একটি আইনি রায় নয়। এটি আমাদের ভোগান্তির প্রমাণ।’ শরণার্থীশিবিরের বিভিন্ন ব্লকে মোবাইলফোন, ল্যাপটপ ও বড় পর্দায় রায়ের খবর অনুসরণ করেছেন রোহিঙ্গারা। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে বসেছিলেন। অনেকে ফেসবুক ও ইউটিউবে আদালতের কার্যক্রম অনুসরণ করেছেন।
মতামত দিন