গাজা পুনর্গঠনে ট্রাম্পের শান্তি পর্ষদের প্রতিশ্রুত ১ হাজার ৮০০ কোটি ডলার কোথায় গেল
গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত শান্তি পর্ষদের মাধ্যমে প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন দাতা দেশ। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক বছরের বেশি সময় পার হলেও পুনর্গঠনের কাজ শুরু হয়নি। উল্টো প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি এখনো অস্থায়ী আশ্রয়শিবিরে মানবেতর জীবন যাপন করছেন। পুনর্গঠনের প্রাথমিক উদ্যোগও কার্যত থমকে আছে। এমন পরিস্থিতিতে প্রতিশ্রুত অর্থের বড় অংশ কোথায় এবং কেন ব্যয় করা যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গাজার পুনর্গঠনের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করতে শান্তি পর্ষদ দাতাদের কাছে ২৮ কোটি ডলার চেয়েছিল। কিন্তু গত সেপ্টেম্বরে পর্ষদ জানায়, ওই অর্থের বেশির ভাগই অব্যবহৃত রয়ে গেছে। এদিকে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে শান্তি পর্ষদ। মঙ্গলবার জমা দেওয়া সর্বশেষ প্রতিবেদনে তারা সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে জরুরি পদক্ষেপ না নিলে ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সমঝোতা ভেঙে পড়তে পারে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর পরদিন বুধবার যুদ্ধবিরতি শুরুর পর গাজায় প্রথম বড় ধরনের স্থল অভিযান শুরু করে ইসরাইল। উপত্যকার মধ্যাঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে হামলা চালায় দেশটির সেনাবাহিনী। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ হাজার মানুষ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজায় ৬০ হাজার অস্থায়ী আবাসন বা মোবাইল হোম প্রবেশের কথা থাকলেও ইসরাইল এখনো সেগুলো প্রবেশ করতে দিচ্ছে না। অবরুদ্ধ উপত্যকাটিতে খাদ্য ও চিকিৎসাসামগ্রী প্রবেশেও কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে দেশটি। এ ছাড়া গাজার প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত ফিলিস্তিনি কমিটিকেও উপত্যকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ২০২৫ সালের সেপ্টেম্বরে গাজার জন্য ঘোষিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে শান্তি পর্ষদ গঠনের প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মতামত দিন