কথিত লকডাউনে ২০ জেলায় সন্ত্রাস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউনে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা দেখা গেছে। থানায় আগুন, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ, বিএনপি নেতা ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। অন্তত ২০ জেলায় রামদা, হকিস্টিক, লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা। গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। আগুন দেওয়া হয়েছে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান ও তার কয়েকজন সমর্থকের বাড়িতে। গোপালগঞ্জ ছাড়াও চট্টগ্রাম, বাগেরহাট, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, খাগড়াছড়ি, জয়পুরহাট, পটুয়াখালী, সুনামগঞ্জ ও সিলেটসহ বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে ছোড়া হয়েছে পেট্রোলবোমা। ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে রাজধানীর কয়েকটি এলাকায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন জেলায় ৯৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে তাদের তাণ্ডব। এ সময় পুলিশের গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১৫ গাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে পুরো থানা ও আশপাশের এলাকা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। থাকা অবস্থাতেই সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে।
গতকাল পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বাড়িটির নিচতলা লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরে যায়। পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত করছে। অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে পাঁচলাইশের এই বাড়িতে।
তার মূল বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে। যশোরে পৃথক দুটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাত সোয়া ৮টার দিকে প্রথমে যশোর জজ কোর্টের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আরো একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মতামত দিন