আইসিজের রায়ে সন্তুষ্ট রোহিঙ্গারা, দেশে ফেরার প্রত্যাশা

জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা। একই সঙ্গে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বসবাসের পরিবেশ নিশ্চিত করা হলে নিজ দেশে ফিরে যেত

জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা। একই সঙ্গে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বসবাসের পরিবেশ নিশ্চিত করা হলে নিজ দেশে ফিরে যেতে আগ্রহী বলে জানিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠকে কেন্দ্র করে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরে জড়ো হন হাজারো রোহিঙ্গা। সকাল থেকেই ক্যাম্পের বিভিন্ন স্থানে টেলিভিশন ও বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। উখিয়ার ১, ১৩ ও ১৫ নম্বর ক্যাম্পসহ বিভিন্ন শিবিরে নারী-পুরুষ, শিশু ও বয়স্ক রোহিঙ্গারা একসঙ্গে বসে আদালতের রায়ের জন্য অপেক্ষা করেন।

এ সময় অনেককে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা গেছে। কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি, আবার কেউ দুহাত তুলে মোনাজাতে অংশ নেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের নির্যাতন ও গণহত্যার বিচার নিশ্চিত হবে এবং নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার পথ তৈরি হবে। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান ডা. মোহাম্মদ জুবায়ের বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে তারা সন্তুষ্ট।

এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতন ও গণহত্যার স্বীকৃতি মিলেছে বলে তারা মনে করছেন। তবে তাদের মূল প্রত্যাশা নিজ দেশে ফিরে যাওয়া। তিনি আরো বলেন, এখন আমরা মিয়ানমারে ফিরে যেতে চাই। সেখানে আমাদের জন্য নিরাপদে বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করে দিলে আমরা নিজ দায়িত্বে ফিরে যাব। আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞ।

গতকাল বাংলাদেশ সময় বিকাল ৩টা ১০ মিনিটে নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া মামলার রায় পাঠ শুরু করেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হলে উখিয়ার ক্যাম্পগুলোতে বড় পর্দায় তা দেখার জন্য রোহিঙ্গাদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, প্রায় এক দশক ধরে তারা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। আইসিজের রায় নিয়ে তারা আশাবাদী। এ রায়ের ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: দৈনিক আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗