চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে নিতে নানাভাবে চাপ দিচ্ছে দিল্লি। তবে এই চাপের কাছে নতিস্বীকার করছেন না তিনি। ভারতের চাপের মুখে সে দেশে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ এক নীতিনির্ধারক আমার দেশকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভারত যতক্ষণ না বাংলাাদেশের ওপর চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসছে, ততক্ষণ প্রধানমন্ত্রীর দিল্লি সফর অনিশ্চিতই থাকবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নানামুখী যে আলোচনা শুরু হয়েছিল, তা আজও অব্যাহত রয়েছে। সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ, পুশইনের মাধ্যমে সীমান্তে উত্তেজনা তৈরি, পানিবণ্টনসহ দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে দিল্লির অনাগ্রহÑসর্বোপরি হাসিনা ইস্যুকে বারবার ব্যবহার করে তারেক রহমানের সরকারকে চাপে রাখতে চেয়েছে মোদি সরকার। দিল্লির এই অযাচিত চাপ, বিশেষ করে হাসিনা ইস্যুই প্রধানমন্ত্রীর দিল্লি সফরে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সবশেষ দিল্লি শেখ হাসিনাকে দিয়ে আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণার মাধ্যমে বাংলাদেশে রীতিমতো সন্ত্রাস উসকে দিয়েছে। দিল্লির এই পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভবিষ্যৎ ভারত সফরকে আরো জটিল করে তুলেছে।
ভারতের এই আগ্রাসী আচরণ সরকারের শীর্ষ নীতিনির্ধারক মহলে প্রচণ্ড ক্ষোভ ও হতাশা তৈরি করেছে। তাই জাতীয় স্বার্থ বিবেচনায় ভারত ইস্যুতে তারা এখন কঠোর অবস্থানে। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা-দিল্লি সম্পর্ক এবং বহুল আলোচিত প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের ব্যাপারে আমার দেশ-এর সঙ্গে আলাপে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই শীর্ষ নীতিনির্ধারক বলেন, ভারত এখনো চাপ দিয়ে সবকিছু করার সেই পুরোনো নীতি নিয়েই চলছে। তারা প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের জন্য চাপ দিচ্ছে। চাপে ফেলে তারা প্রধানমন্ত্রীকে সেখানে নিতে চায়। কিন্তু তারেক রহমান তো দুই-তৃতীয়াংশ জনগণের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি কারো চাপে নতিস্বীকার করবেন না। প্রধানমন্ত্রীর অবস্থান স্পষ্টÑতিনি ভারতের চাপের মুখে কখনো সেখানে যাবেন না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লির পক্ষ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। তারা বারবার হাসিনা কার্ড খেলছে।
দিল্লিতে হাসিনার অবস্থানকে বৈধতা দিতে তো প্রধানমন্ত্রী সেখানে যেতে পারেন না। ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ভারত যদি অন্তত ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণ করত, তাহলেও আমরা বুঝতাম চুক্তিটি কার্যকর আছে। পরে কোনো এক সময় হয়তো হাসিনাকে তারা প্রত্যর্পণ করবে। কিন্তু তারা এর কিছুই করেনি। ওই নীতিনির্ধারক আরো বলেন, তারা এখন হাসিনাকে ফেরানোর নাম করে গণমাধ্যম ও অন্যদের দিয়ে উদ্ভট সব কথাবার্তা বলাচ্ছে। তারাও জানে হাসিনাকে ফেরানোর পথ কী। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসিনাকে ফেরানোর পথ একটাইÑপ্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেবে। এর বাইরে আর কোনো ফর্মুলা নেই। তিনি অবশ্য বলেন, হাসিনা ফিরবে না।
মাঝে কিছু মানুষ তার উসকানিতে পা দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবে। এদিকে একটি কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান ঢাকায় আসার পর গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রণালয়টির শীর্ষ নীতিনির্ধারকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে গঙ্গার পানিবণ্টন, প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ দিল্লি সফরসহ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন অস্থিরতার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কূটনীতিক আমার দেশকে বলেন, আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়। তারা সেটা চায় না। তারা মুখে অনেক কিছু বলে কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। দীনেশ ত্রিবেদী বারবার বলছেনÑদুই প্রধানমন্ত্রী বসলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। তার এই কথা বিশ্বাস করার কোনো কারণ নেই।
মতামত দিন