বিচারহীন পুনর্মিলন নাকি দায়মুক্তির নতুন ছক

আমরা ছোটবেলায় নীতিশিক্ষার গল্পে একটি পরিচিত কাহিনি পড়েছি—দুই বিড়ালের রুটি ভাগের মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে এক বানরের আগমন। সুবিচারের দোহাই দিয়ে এবং সাম্যের কথা বলে বানরটি দাঁড়িপাল্লায় একদিকে বে

আমরা ছোটবেলায় নীতিশিক্ষার গল্পে একটি পরিচিত কাহিনি পড়েছি—দুই বিড়ালের রুটি ভাগের মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে এক বানরের আগমন। সুবিচারের দোহাই দিয়ে এবং সাম্যের কথা বলে বানরটি দাঁড়িপাল্লায় একদিকে বেশি, অন্যদিকে কম বলে দুপক্ষকেই ঠকিয়ে শেষ পর্যন্ত পুরো রুটিটাই গিলে ফেলেছিল। গল্পটি শুধু শিশুদের নীতিশিক্ষা নয়; রাজনীতিতেও যখন অপরাধের ভুক্তভোগী ও গণহত্যার মতো অপরাধের দায়ে অভিযুক্ত পক্ষকে একই পাল্লায় মেপে তথাকথিত ‘সমঝোতা’ কিংবা ‘পুনর্মিলনের’ ছক আঁকা হয়, তখন সেই পুরোনো বানরের চাতুরীই ভেসে ওঠে। এ রকম আয়োজন হলে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন, অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিরা পার পেয়ে যাওয়ার সুযোগ পান; আর মাঝখান থেকে ‘শান্তি’ ও ‘ঐক্যের’ নামে অন্যায়েরই নতুন জীবন শুরু হয়।

একটি দেশের রাজনৈতিক সংকট শুধু ক্ষমতার পালাবদলে শেষ হয় না। ক্ষমতার রদবদলের সঙ্গে বদলাতে হয় রাষ্ট্রের শাসনব্যবস্থার চরিত্র, প্রতিষ্ঠানের জবাবদিহিতার সংস্কৃতি এবং রাজনীতির নৈতিক মানদণ্ড। বিশেষ করে যখন কোনো দলের বিরুদ্ধে দীর্ঘদিনের ভোটাধিকার হরণ, রাষ্ট্রীয় নিপীড়ন, হত্যা এবং গুম করে আয়নাঘরের মতো গোপন বন্দিশালায় বছরের পর বছর নির্যাতনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের ভয়াবহ অভিজ্ঞতা জড়িত থাকে—যাদের এক রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে জনগণ উৎখাত করেছে—তাদের জন্য ‘পুনর্মিলন’ শব্দটি উচ্চারণের আগে সবচেয়ে জরুরি হয়ে ওঠে এই প্রশ্ন—‘যারা এ কথা বলছেন, তাদের মনুষ্যত্ববোধ বা মানসিকতা আদৌ কার্যকর কি না?’ সম্প্রতি ঢাকায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর একটি অধিবেশনে ‘জাস্টিস, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন’ শীর্ষক আলোচনায় সংঘাত-পরবর্তী রাজনীতির গতিপথ নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সুশীল সমাজ ও আন্তর্জাতিক বক্তাদের প্যানেল থেকে উঠে আসা পুনর্মিলনের ধারণাটি স্বাভাবিকভাবেই একটি কঠিন প্রশ্ন সামনে এনেছে—বাংলাদেশে ন্যায়বিচার ও জবাবদিহিতার প্রশ্ন নিষ্পত্তি না করে কোনো রাজনৈতিক পুনর্মিলনের আলোচনা কি আদৌ অর্থবহ হতে পারে?

এরই ধারাবাহিকতায় তথ্য উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ নিজেদের দায় স্বীকার করে এগিয়ে এলে তাদের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নেওয়া সম্ভব। তার মতে, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে রিকনসিলিয়েশনের প্রাথমিক ভিত্তি তৈরি করতে হবে এবং দলটি নিজেদের দায় স্বীকার করে এগিয়ে এলে এ উদ্যোগকে নেতিবাচকভাবে দেখার কারণ নেই। প্রথম দৃষ্টিতে বক্তব্যটি রাজনৈতিকভাবে উদার মনে হলেও এখানেই আপত্তির জায়গাটি গভীরভাবে ভেবে দেখা দরকার।

‘দায় স্বীকার’ বলতে যদি কেবল মৌখিক বা রাজনৈতিক স্বীকৃতিকে বোঝানো হয়, আর তার বিনিময়ে নিহত ব্যক্তিদের পরিবার, আহত ও পঙ্গু হয়ে যাওয়া মানুষের ন্যায়বিচার, রাষ্ট্রীয় অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত এবং ব্যক্তিগত ও দলীয় দায় নির্ধারণের প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়, তাহলে সেটি পুনর্মিলন হবে না; বরং তা হবে বিচারকে ধামাচাপা দিয়ে গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত একটি রাজনৈতিক শক্তিকে পুনর্বাসনের পথ তৈরি করা। এখানেই আরো কঠিন প্রশ্ন—যাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের গুরুতর অভিযোগ রয়েছে, ভুক্তভোগীদের বিচার পাওয়ার আগেই কি তাদের রাজনৈতিক পুনর্মিলনের কথা উঠবে? নিখোঁজ মানুষের স্বজনেরা উত্তর পাওয়ার আগেই কি কেবল একটি রাজনৈতিক ঘোষণা দিয়ে অতীতের সব রক্ত ও অপরাধ মুছে ফেলার চেষ্টা হবে?

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗