২১৬ কোটি টাকার প্রকল্পে যথেচ্ছ ব্যয় প্রাক্কলন

সামাজিক নিরাপত্তার উপকারভোগী শনাক্তে ডিজিটালব্যবস্থা গড়তে ২১৬ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করেছে অর্থ বিভাগ। কিন্তু প্রকল্পের ব্যয় প্রস্তাবেই মিলেছে যথেচ্ছ খরচের ছড়াছড়ি। বিশেষ ভাতা, সেমিনার, গবেষণ

সামাজিক নিরাপত্তার উপকারভোগী শনাক্তে ডিজিটালব্যবস্থা গড়তে ২১৬ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করেছে অর্থ বিভাগ। কিন্তু প্রকল্পের ব্যয় প্রস্তাবেই মিলেছে যথেচ্ছ খরচের ছড়াছড়ি। বিশেষ ভাতা, সেমিনার, গবেষণা, টেলিফোন ও মুদ্রণসহ বিভিন্ন খাতে অতিরিক্ত বরাদ্দের পাশাপাশি পরামর্শক নিয়োগের ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। একই ধরনের কাজ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) করায় নতুন প্রকল্পে অর্থের অপচয় ও কাজের পুনরাবৃত্তির আশঙ্কা করছে কমিশন। ‘সোশ্যাল প্রোটেকশন ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড কো-অর্ডিনেশন (এসপিডিটিসি)’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের প্রস্তাব পর্যালোচনায় এসব অসংগতি উঠে এসেছে। পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটি (এসপিইসি) প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে আপত্তি উত্থাপন করে। সেই সঙ্গে অযাচিত ব্যয় পরিহারের নির্দেশনা দেয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

অর্থ বিভাগের প্রস্তাব অনুযায়ী, প্রকল্পটির মোট ব্যয় ২১৬ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১১৯ কোটি সাত লাখ ৪৪ হাজার এবং বিশ্বব্যাংকের ঋণ ৯৭ কোটি ৩৬ লাখ টাকা। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের মার্চে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বৈদেশিক অর্থায়নের সুবিধার্থে অনুমোদিত নতুন প্রকল্পের তালিকায়ও এটি অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি (ডিএসআর) প্রতিষ্ঠা এবং বিদ্যমান সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেম শক্তিশালী করা। এর মাধ্যমে সামাজিক নিরাপত্তার প্রকৃত উপকারভোগী শনাক্ত, বিভিন্ন সংস্থার তথ্যভান্ডারের মধ্যে সংযোগ স্থাপন এবং সরকারি সহায়তার অর্থ সরাসরি সুবিধাভোগীর কাছে পৌঁছানোর ব্যবস্থা উন্নত করার কথা বলা হয়েছে। পাশাপাশি জিটুপি পেমেন্টব্যবস্থা আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে।

এসপিইসি সভার কার্যবিবরণীতে দেখা যায়, বিশেষ ভাতা খাতের ব্যয়কে অনাবশ্যক উল্লেখ করে পুরো বরাদ্দ বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেমিনার ও কনফারেন্স আয়োজনের প্রয়োজনীয়তা, অংশগ্রহণকারীর সংখ্যা, স্থান এবং বিস্তারিত ব্যয় বিভাজনও চেয়েছে কমিশন। এ খাতে সরকারি অর্থায়ন থেকে ৩৬ লাখ ৩৫ হাজার টাকা রেখে মোট তিন কোটি ১৮ লাখ ৩৫ হাজার টাকা সংস্থানের সিদ্ধান্ত হয়েছে। সংশোধিত প্রস্তাবে এ খাতেই মোট প্রকল্প ব্যয়ের প্রায় ১.৪৭ শতাংশ বরাদ্দ থাকছে। এছাড়া ডাক খাতে এক লাখ, টেলিফোনে ২৫ লাখ, মুদ্রণ ও বাঁধাইয়ে ৩৫ লাখ, অন্যান্য মনিহারিতে ৭০ লাখ এবং গবেষণায় এক কোটি টাকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মূল প্রস্তাবে এসব খাতে কত টাকা চাওয়া হয়েছিল, তা কার্যবিবরণীতে উল্লেখ নেই। পাশাপাশি ফিজিক্যাল কন্টিনজেন্সি ০.৫ শতাংশ এবং প্রাইস কন্টিনজেন্সি ১ শতাংশ নির্ধারণ করে ব্যয় পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকল্পটির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন কমিটির সদস্যরা। কারণ, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বিবিএস একই ধরনের ডিজিটাল নিবন্ধন কার্যক্রম নিয়ে কাজ করছে। জবাবে অর্থ বিভাগের প্রতিনিধি জানান, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী ডিএসআরের সিস্টেম উন্নয়ন, সার্ভার ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং বিদ্যমান তথ্যভান্ডারের সঙ্গে আন্তঃসংযোগ তৈরির দায়িত্ব অর্থ বিভাগের ওপর ন্যস্ত। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে দেওয়া হয়েছে। এদিকে, বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলারের ‘এসএসপিআইআরআইটি’ কর্মসূচির আওতায় অর্থ বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য পৃথক অর্থায়নের ব্যবস্থা রয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ও এ সহায়তার আওতায় পৃথক প্রকল্প নিয়েছে। ফলে একই ধরনের কার্যক্রমে একাধিক সংস্থার বিনিয়োগ ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় না হলে অর্থের অপচয় এবং কাজের পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗