এ তুফান ভারি, দিতে হবে পাড়ি
হ্যাপি বার্থডে টু ইউ, তারেক রহমান। আপনার ডাক নাম পিনু। কেউ কেউ বলেন পিনো। কোনটি ঠিক, আমি জানি না। আমার অনুরোধ, আপনার ডাক নামটি যেন সঠিকভাবে উইকিপিডিয়ায় থাকে, সেই ব্যবস্থা করবেন। আপনাকে আমি ‘তারেক’ বলে ডাকব। কারণ, গত শতাব্দীর শেষ ভাগ থেকে চলতি শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যখন আপনার সঙ্গে কথা হতো, তখন আমি আপনাকে ‘তারেক’ বলেই ডাকতাম। আপনার জন্ম হয়েছিল ১৯৬৫ সালের ২০ নভেম্বর, বুধবার।
আপনার সম্পর্কে কিছু বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তাই আজ শুধু দুটি বিষয় নিয়ে লিখব। ম্যাডাম খালেদা জিয়া ও আপনার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ২০০৬ সালে আমি সাপ্তাহিক যায়যায়দিনকে দৈনিক যায়যায়দিনে রূপান্তরিত করি। আপনি ২০০৭ সালের মার্চে তেজগায়ের লাভ রোডে যায়যায়দিন ভবনে এসেছিলেন। ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন, এটি যেন এশিয়ার মধ্যে একটি দর্শনীয় ভবন হয়। এর আগে ২০০২ সালে ম্যাডাম খালেদা জিয়া চেয়েছিলেন, আমি যেন একুশে পদক গ্রহণ করি। তখন আমি এ প্রস্তাব গ্রহণ করিনি। কারণ, তখন আমি রাজনৈতিক সরকারের দেয়া কোনো পদক চাইনি।
২৪ বছর পরে, ২০২৬ সালে, আমি যখন একুশে পদক পাই, সেটা ছিল ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে। কিন্তু পদকটি গ্রহণ করি নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়ে। পদক প্রদান অনুষ্ঠানে বলা হয়েছিল, বাংলাদেশে সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করায় এই পদক দেয়া হলো। তারেক, আপনার হয়তো মনে আছে, ২০০৮ সালে ঢাকা সেন্ট্রাল জেল থেকে যখন আপনাকে পিজি হাসপাতালে আনা হয়, তখন অনেক স্যান্ডউইচ নিয়ে আপনাকে দেখতে গিয়েছিলাম। আমি জানতাম, আপনি আমার বাসার স্যান্ডউইচ পছন্দ করেন। কিন্তু আমি অবাক হলাম, আপনি শয্যাশায়ী অবস্থায় একজনকে বললেন, সবগুলো ফ্রিজে রেখে দিতে! আপনি খেলেন না দেখে আমি অবাক হয়েছিলাম!
এর তিন বছর পরে, ২০১০ সালে, যখন লন্ডনে গিয়ে আপনার সঙ্গে দেখা করি, তখন প্রশ্ন করেছিলাম, কেন সেদিন স্যান্ডউইচ খাননি? আপনি হেসে উত্তর দিয়েছিলেন, ‘ফ্রিজে ভাগ ভাগ করে রেখে তিন দিন খেয়েছিলাম!’ সেদিন উত্তর লন্ডনের একটি দোতলা বাড়িতে আপনি দরজা খুলে আমাকে গ্রহণ করলেন, তখন আপনার হাতে একটি ক্রাচ ছিল। আপনি বললেন, ‘আমার দুটি ক্রাচ ছিল। এখন আমি এক ক্রাচেই চলতে পারি। আমি সেরে উঠছি। ওয়েলিংটন হাসপাতালের (লর্ডস ক্রিকেট মাঠের পাশে) চিকিৎসা আমাকে সুস্থ করে তুলছে।’ ‘ওই দেখেন, ঘরের কোণে।’ আঙুল দিয়ে দেখিয়ে বললেন তারেক রহমান।
মতামত দিন