ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সাগর, সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনভর বৃষ্টি হয়েছে। এতে সাগর উত্তাল হয়ে ওঠায় সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে দ্বীপট

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনভর বৃষ্টি হয়েছে। এতে সাগর উত্তাল হয়ে ওঠায় সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে দ্বীপটিতে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজ চলাচল স্থগিত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর আকাশ মেঘলা ছিল। সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে।

দিনভর বৃষ্টিতে আবহাওয়ায় শীতের আমেজ দেখা দিলেও ভোগান্তিতে পড়েন নগরবাসী ও পথচারীরা। এদিন রাজধানীতে ১৪ মিলিমিটার এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়; ৪২ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আগামী সোমবার সকাল পর্যন্ত সারা দেশে বৃষ্টির প্রবণতা থাকবে।

এরপর বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবেই এই বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার কিলোমিটার, মোংলা থেকে ৯১৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর বিক্ষুব্ধ রয়েছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗