গর্ভস্থ শিশুর মেরুদণ্ডে জটিল অসুখ! অস্ত্রোপচার না করলে কী ক্ষতি হতে পারে?

জন্মের আগেই মায়ের গর্ভে শিশুর মেরুদণ্ডের জটিল ত্রুটি সারানোর অস্ত্রোপচার! চিকিৎসাবিজ্ঞানে এমনই নজির গড়ল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)। দেশের প্রথম ‘ওপেন ফিটাল সার্জ

জন্মের আগেই মায়ের গর্ভে শিশুর মেরুদণ্ডের জটিল ত্রুটি সারানোর অস্ত্রোপচার! চিকিৎসাবিজ্ঞানে এমনই নজির গড়ল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)। দেশের প্রথম ‘ওপেন ফিটাল সার্জারি’ করে ২৫ সপ্তাহের এক ভ্রূণের মেরুদণ্ডের গুরুতর জন্মগত ত্রুটি সংশোধন করলেন চিকিৎসকরা। গত ১২ নভেম্বর প্রায় ছ’ঘণ্টা ধরে চলে এই জটিল অস্ত্রোপচার। গর্ভস্থ শিশুটির মেরুদণ্ডে ধরা পড়েছিল লম্বোস্যাক্রাল মায়োলোমেনিঙ্গোসিল। এটি স্পাইনা বিফিডার সবচেয়ে গুরুতর ধরনগুলির মধ্যে অন্যতম। এই জন্মগত সমস্যায় মেরুদণ্ডের নীচের অংশের হাড় সম্পূর্ণভাবে গঠিত হয় না। ফলে মেরুদণ্ডের স্নায়ু ও তার চারপাশের আবরণ উন্মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে।

গর্ভের অ্যামনিওটিক তরলের সংস্পর্শে এসে স্নায়ুগুলির আরও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। ভবিষ্যতে কী কী সমস্যা হতে পারে? মেরুদণ্ডের এই ত্রুটি সময়মতো সামলানো না গেলে শিশুর ভবিষ্যৎ জীবনেও নানা জটিলতা দেখা দিতে পারে। স্নায়ুর ক্ষতির মাত্রা ও ত্রুটির অবস্থানের উপর নির্ভর করে পায়ের পেশিতে দুর্বলতা, হাঁটাচলায় সমস্যা, এমনকী কোনও কোনও ক্ষেত্রে চলাফেরার জন্য বিশেষ সহায়তার প্রয়োজন হতে পারে। মূত্রথলি ও অন্ত্রের নিয়ন্ত্রণেও সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া মস্তিষ্কে অতিরিক্ত তরল জমে হাইড্রোসেফালাস এবং মেরুদণ্ডের স্নায়ু আটকে যাওয়ার মতো জটিলতাও হতে পারে। এই ধরনের ভবিষ্যৎ জটিলতার আশঙ্কা কমাতেই গর্ভাবস্থায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। আলট্রাসাউন্ডের সাহায্য এবং বিশেষ অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে ভ্রূণের মেরুদণ্ডের উন্মুক্ত অংশটি বন্ধ করেন চিকিৎসকরা।

এর মূল উদ্দেশ্য ছিল গর্ভের তরলের সংস্পর্শ থেকে সংবেদনশীল স্নায়ুগুলিকে রক্ষা করা। ছবি: সংগৃহীত অস্ত্রোপচার কি সব সমস্যার সমাধান? চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় দেখা গিয়েছে, জন্মের আগে মায়োলোমেনিঙ্গোসিল অস্ত্রোপচার করলে জন্মের পর অস্ত্রোপচারের তুলনায় কিছু ক্ষেত্রে ফল ভালো হতে পারে। বিশেষত, মস্তিষ্কে অতিরিক্ত তরল জমার কারণে অস্ত্রোপচারের প্রয়োজন কমতে পারে এবং শিশুর নিজে হাঁটার সম্ভাবনা বাড়তে পারে। তবে এই অস্ত্রোপচার জন্মগত ত্রুটিকে সম্পূর্ণ সারিয়ে তোলা নিয়ে রয়েছে কিছু প্রশ্ন। আগে থেকেই স্নায়ুর যে ক্ষতি হয়েছে, তা ফিরিয়ে আনা সম্ভব নয়। ভবিষ্যতেও শিশুর স্নায়ু, মূত্রথলি, অন্ত্র ও চলাফেরার ক্ষমতার উপর নজর রাখা জরুরি। এই জটিল অস্ত্রোপচারের নেতৃত্বে ছিলেন নিউরোসার্জন ডা.

দীপক গুপ্ত। তাঁর সঙ্গে ছিলেন ম্যাটারনাল-ফিটাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. নীনা মালহোত্রা এবং ডা. কে. অপর্ণা শর্মা। পাশাপাশি অ্যানাস্থেশিয়া, প্লাস্টিক সার্জারি ও নবজাতক চিকিৎসা বিভাগের বিশেষজ্ঞরাও সহযোগিতা করেন। ভারতে ভ্রূণের মেরুদণ্ডের এই ধরনের ত্রুটি সংশোধনে প্রথম ওপেন ফিটাল সার্জারি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সাফল্য। তবে অস্ত্রোপচারের পর মা ও শিশুর নিয়মিত পর্যবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনও সমান গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗