আত্মনির্ভর ভারত’-এর পথে বড় সাফল্য! এসটিএফ র জন্য পুনের কারখানা থেকে দেশীয় রাইফেলের প্রথম চালানের সূচনা শাহের
ভারতের প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে এক নতুন ও ঐতিহাসিক অধ্যায়(Indigenous Rifles)। পুনেতে অবস্থিত কল্যাণী গ্রুপের ফ্ল্যাগশিপ সংস্থা ‘ভারত ফোর্জ’-এর উৎপাদন কেন্দ্র থেকে উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স বা ইউপি এসটিএফ-এর জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৫.৫৬ × ৪৫ মিমি রাইফেলের প্রথম চালানের আনুষ্ঠানিক সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ১৫ নভেম্বর পুনের মুন্ধওয়া এলাকার ওই কারখানা পরিদর্শনে গিয়ে সবুজ পতাকা নেড়ে এই অত্যাধুনিক অস্ত্রের চালানটি রওনা করিয়ে দেন তিনি। দীর্ঘ কয়েক দশক ধরেই ভারত তার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বাহিনীর অস্ত্রের জোগানের জন্য বিদেশি আমদানির ওপর অনেকটা নির্ভরশীল ছিল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযানের হাত ধরে সেই চেনা ছবিটা এখন দ্রুত বদলাতে শুরু করেছে। আরও দেখুনঃ ‘যতই দেওয়া হোক খিদে মেটে না!’ কর্পোরেট জগতকে তুলোধোনা মোদীর এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, (Indigenous Rifles)দেশীয় প্রযুক্তিতে অস্ত্র ও গোলাবারুদ তৈরির মাধ্যমে ভারত ফোর্জ দেশের নিরাপত্তা বাহিনীকে প্রকৃত অর্থেই ইস্পাতকঠিন শক্তি জোগাচ্ছে।
তাঁর মতে, আধুনিক ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ভেতরেই বিশ্বমানের অস্ত্র তৈরি হওয়া অত্যন্ত জরুরি। অনুষ্ঠানস্থলে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান ভারত ফোর্জ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদ্মভূষণ বাবা কল্যাণী। কাকতালীয়ভাবে এই দিনটিই ছিল ভারত ফোর্জের গৌরবময় পথচলার ৬০ বছর পূর্তি। ভারী ইঞ্জিনিয়ারিং এবং সূক্ষ্ম উৎপাদন শিল্পে সংস্থার ছয় দশকের এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে অমিত শাহ সেখানে একটি বিশেষ স্মৃতিফলকেরও উন্মোচন করেন। এরপর তিনি কারখানার বিভিন্ন উৎপাদন লাইন ঘুরে দেখেন এবং সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে ভারতের প্রতিরক্ষা শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। ভারত ফোর্জের প্রতিরক্ষা বিষয়ক শাখা ‘কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেমস লিমিটেড’ বা কেএসএসএল-এর তৈরি বিভিন্ন দেশীয় সমরাস্ত্রও স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘুরিয়ে দেখানো হয়।
এর মধ্যে ছোট আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে আধুনিক কামান, গোলাবারুদ ব্যবস্থা এবং জল, স্থল ও আকাশপথে চালনাযোগ্য মানবহীন বা আনম্যানড সিস্টেম বিশেষভাবে নজর কাড়ে। যে রাইফেলগুলোর প্রথম চালান এদিন পাঠানো হলো, সেগুলো উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের হাতে পৌঁছাবে। ১৯৯৮ সালের মে মাসে তৈরি হওয়া এই বিশেষ বাহিনী মূলত উত্তরপ্রদেশে সংগঠিত অপরাধ চক্র, মাফিয়া নেটওয়ার্ক এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল অভিযানে নিযুক্ত থাকে। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুতগতির অভিযানের কথা মাথায় রেখেই এই ৫.৫৬ × ৪৫ মিমি ক্যালিবারের রাইফেলগুলোর নকশা তৈরি করা হয়েছে। (Indigenous Rifles)ওজনে হালকা এবং নিশানায় অত্যন্ত নিখুঁত হওয়ায় ক্লোজ-কোয়ার্টার বা কাছাকাছি দূরত্বের লড়াইয়ে এই রাইফেলগুলো পুলিশ ও বিশেষ বাহিনীর কর্মীদের বাড়তি সুবিধা দেবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ঘটনায় আরও একটি অত্যন্ত ইতিবাচক দিক ফুটে উঠেছে।
এতদিন দেশীয় বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলোর মূল ক্রেতা ছিল দেশের সেনাবাহিনী। কিন্তু এখন উত্তরপ্রদেশের মতো রাজ্যের পুলিশ বাহিনীও নিজেদের আধুনিকীকরণের জন্য ভারতীয় সংস্থার তৈরি অস্ত্রের ওপর ভরসা রাখছে। এর ফলে দেশের বেসরকারি শিল্পসংস্থাগুলো যেমন নিয়মিত কাজের বরাত পাবে, তেমনই গবেষণা ও নতুন প্রযুক্তির উদ্ভাবনে আরও বেশি বিনিয়োগ করতে উৎসাহিত হবে।
মতামত দিন