গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা-অগ্নিসংযোগ

দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলা, ভাঙচুর, পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কেবল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ব্যাংকটির ২৯টি শাখায় হামলা, ভাঙচুর ও ল

দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলা, ভাঙচুর, পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কেবল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ব্যাংকটির ২৯টি শাখায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রাতের আঁধারে কিংবা ভোররাতে ব্যাংকের শাখা ও কার্যালয় লক্ষ্য করে পেট্রোল, কেরোসিন ও অন্যান্য দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেয়। কোথাও কোথাও পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করা হয়। এসব ঘটনায় ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র, কম্পিউটারসামগ্রী, সাইনবোর্ড ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। কয়েকটি কার্যালয়ে মালামাল লুটের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, গত ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গাজীপুর, ফরিদপুর, শেরপুর, নরসিংদী, জামালপুর, যশোর, রাজশাহী, নেত্রকোনা, পাবনা, নারায়ণগঞ্জ, নওগাঁ, হবিগঞ্জ, মানিকগঞ্জ, ফেনী, ঝিনাইদহ, গাইবান্ধা, খুলনা, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, বগুড়া, নীলফামারী, দিনাজপুর, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, কিশোরগঞ্জ, সিলেট, টাঙ্গাইল ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি আর্থিক প্রতিষ্ঠানের শাখা-কার্যালয়ে এভাবে ধারাবাহিক হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা, গ্রাহকদের আমানত ও আর্থিক লেনদেনের স্বাভাবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের উপ-বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলাম জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা বৃহস্পতিবার ভোরে একযোগে ব্যাংকের ২৯টি শাখায় হামলা চালায়। অধিকাংশ ক্ষেত্রেই তারা মোটরসাইকেল বা ভ্যানযোগে এসে শাখাগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। কোথাও জানালার কাঁচ ভেঙে আসবাবপত্র ও ফাইলে আগুন দেয়, কোথাও সাইনবোর্ডে আগুন ধরিয়ে পালিয়ে যায়, আবার কোথাও পিকআপ ভ্যানে করে এসে অফিসের সামনে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকের অনেক মূল্যবান আসবাবপত্র, ফাইল ও কাগজপত্র পুড়ে যায়। সন্ত্রাসী-দুর্বৃত্তরা কোথাও কোথাও গ্রামীণ ব্যাংকের কর্মীদের প্রতিরোধের মুখে পালিয়ে যায় বলেও জানান তিনি। এদিকে টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বাসাইল উপজেলা শাখায় আগুন দেয় একদল দুর্বৃত্ত। এ সময় ব্যাংকের নাইটগার্ড বিষয়টি দেখতে পেয়ে দ্বিতীয় তলায় থাকা অন্যান্য কর্মকর্তাদের ডেকে এনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ভবনটির দুটি দরজা ক্ষতিগ্রস্ত হয়।

তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া বলেন, ‘দুর্বৃত্তদের দেওয়া আগুন পানি ও বালু দিয়ে দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়। বড় ধরনের ক্ষতি হয়নি, দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ এ ঘটনায় বাসাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের সুনামগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায় জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্বে থাকা নাইটগার্ড হরি দাশ বর্মন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভান। উপজেলা পরিষদসংলগ্ন তাহিরপুর শাখায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি। জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

উপজেলার পিরহাটী গ্রামে মথুরাপুর-চান্দাইকোনা সড়কের পাশে অবস্থিত মথুরাপুর শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকটির ব্যবস্থাপক রঞ্জন কুমার জানান, বুধবার রাতে তিনি ও অন্য কর্মীরা অফিসের কাজ করছিলেন। এ সময় দুই ফিল্ড অফিসার তাসলিমা ও কাকলী আক্তার কাজ শেষে বের হয়ে প্রধান ফটকের কাছে আসেন। তখন তাঁরা চার যুবককে বোতলের মুখে আগুন জ্বালানো অবস্থায় দেখতে পান। তাঁদের পরিচয় জানতে চাইলে যুবকেরা ব্যাংকের ভেতরে রাখা মোটরসাইকেল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে পড়ে আগুন ধরে যায়। পরে ব্যাংকের নৈশপ্রহরী ও কর্মকর্তা-কর্মচারীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗