ভাইরাল ভিডিও যেভাবে বদলে দিল ২ বছরের শিশুর জীবন
সামাজিক মাধ্যমে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ভারতের মহারাষ্ট্রের ২ বছর বয়সি এক শিশু। নতুন স্কুটারের সামনে শিশুটির পোজ দেওয়ার একটি ভিডিও ইনস্টাগ্রামে ১৩ কোটি ৭০ লাখ বার দেখা হয়েছে। তবে এই ভাইরাল জনপ্রিয়তা শিশুটির জন্য বয়ে এনেছে আরো বড় এক প্রাপ্তি। কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণি (কেজি-১) থেকে স্নাতক পর্যন্ত তার পড়াশোনার সব খরচ বহনের ঘোষণা দিয়েছেন একটি মোটরসাইকেল শোরুমের মালিক। শিশুটির নাম রুদ্রাংশ সিং ঠাকুর।
তার বাড়ি ভারতের মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলায়। গত ৯ নভেম্বর নতুন মোটরসাইকেল নিতে মা-বাবা ও বড় বোনের সঙ্গে একটি শোরুমে যায় সে। সেখানে নতুন স্কুটারের সামনে রুদ্রাংশের পোজ দেওয়ার একটি ভিডিও ধারণ করা হয়। সানগ্লাস পরা, দুই হাত পকেটে রেখে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা শিশুটির অভিব্যক্তি নজর কাড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের। পরে ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করা হলে দ্রুত ছড়িয়ে পড়ে।
অল্প সময়ের মধ্যে এটি ১৩ কোটি ৭০ লাখ ভিউ পায়। পাশাপাশি ভিডিওটিতে মন্তব্য জমা পড়ে ৬৮ হাজারের বেশি। রুদ্রাংশের এই ভাইরাল ভিডিও নজরে আসে শোরুমের মালিক দিলীপ বোবাদে পাতিলের। যে শোরুম থেকে শিশুটির পরিবার স্কুটারটি কিনেছিল, তার মালিক তিনি। প্রতিবেদন অনুযায়ী, শিশুটির জনপ্রিয়তা উদ্যাপন করতে রুদ্রাংশ ও তার পরিবারকে শোরুমে আমন্ত্রণ জানান পাতিল।
সেখানে তিনি ঘোষণা দেন, কেজি-১ থেকে শুরু করে স্নাতক পর্যন্ত রুদ্রাংশের শিক্ষার যাবতীয় ব্যয় বহন করবেন তিনি। সামাজিক মাধ্যমে খবরটি প্রকাশ করেন যশ চিনচোলকর। তিনি এই উদ্যোগকে শিশুটির ভবিষ্যৎ গড়ার মতো একটি উপহার হিসেবে বর্ণনা করেছেন। রুদ্রাংশের মা-ও এ ঘটনায় আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, ছেলেকে ঘিরে মানুষের এত ভালোবাসা এবং তার ভবিষ্যতের জন্য এমন উদ্যোগ দেখে তিনি বিশেষভাবে আনন্দিত।
মতামত দিন