ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরাইলে রাজনৈতিক সহিংসতার শঙ্কা
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারানোর মুখে পড়ে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে তিনি বিরোধীদের সমালোচনা করার পাশাপাশি নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন তুলছেন। তার এই অবস্থানকে কেন্দ্র করে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এমনকি ডানপন্থি বিক্ষোভকারীদের পক্ষ থেকে গৃহযুদ্ধের হুমকিও দেওয়া হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু যেকোনো পদক্ষেপ নিতে পারেন। এতে ইসরাইলে রাজনৈতিক সহিংসতার ঝুঁকি বাড়ছে।
দীর্ঘদিন ধরে ইসরাইলের ক্ষমতায় থাকা নেতানিয়াহুর বিদায় এখন অনেকটাই সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে। তবে এর জন্য বিরোধী দলগুলোকে একটি কার্যকর সরকার গঠন করতে হবে। বিরোধীদের নেতৃত্বে রয়েছেন গাদি আইজেনকোট। তার নেতৃত্বাধীন জোটকে সরকার গঠনের জন্য ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নিতে হতে পারে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে নেতানিয়াহু আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। একই সঙ্গে নির্বাচনে কারচুপির ভিত্তিহীন অভিযোগও তুলেছেন তিনি।
নেতানিয়াহুর তৈরি করা এই রাজনৈতিক পরিবেশে ডানপন্থি বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন। সমালোচকেরা অভিযোগ করেছেন, ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে তিনি ইরানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ পরিস্থিতি উসকে দিচ্ছেন। এর মধ্যে ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংস্থাটির প্রধান ডেভিড জিনি। নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের সন্দেহে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিল সংস্থাটি। নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরাইলি রাজনীতিকদের গ্রেপ্তারের অনুমতিও চাওয়া হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছে।
তবে অ্যাটর্নি জেনারেল এসব অনুরোধ নাকচ করে দেন। বিরোধী নেতা ইয়ার লাপিদ এবং জয়েন্ট লিস্টের প্রধান ইউসেফ জাবারিন এসব পদক্ষেপকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তদন্ত করছেন, নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই তৈরি করা হয়েছিল কি না। ইসরাইলের কয়েকজন রাজনীতিক ও বিশ্লেষকের মতে, নেতানিয়াহুর এসব পদক্ষেপের মূল লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা। তা সম্ভব না হলে এমন একটি সরকার গঠন নিশ্চিত করা, যেটি তার ও তার মিত্রদের সমর্থনের ওপর নির্ভরশীল থাকবে।
মতামত দিন