আ. লীগের অগ্নিসন্ত্রাস ও গ্রামীণ ব্যাংকে হামলা দমনের দাবি এনসিপি’র
ঢাকা: আওয়ামী লীগের ধারাবাহিক অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলা, মানুষ পুড়িয়ে হত্যা, থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনাকে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র উল্লেখ করে এসব নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনের দাবি জানিয়েছে দলটি। বুধবার (১৮ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় এনসিপি। বিবৃতিতে দলটি অভিযোগ করে, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাছে পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। এসব সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, অর্থায়ন ও পরিচালনা ভারতের মাটি থেকে করা হচ্ছে বলেও দাবি করেছে দলটি। এনসিপির অভিযোগ, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতারা অনলাইনে প্রকাশ্যে নির্দেশনা দিয়ে দেশের ভেতরে অস্থিতিশীলতা, অগ্নিসন্ত্রাস ও হত্যাকাণ্ডে উসকানি দিচ্ছেন।
বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড থেকে দেশের একমাত্র নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও রেহাই পাচ্ছে না। প্রতিষ্ঠানটির অন্তত ৩৭টি শাখায় ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে বলে মনে করে দলটি। এনসিপি বলেছে, দরিদ্র নারীদের ক্ষুদ্রঋণ প্রদানকারী গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। প্রতিষ্ঠানটির শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দরিদ্র পরিবারগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ অনুকূল নয়—এমন নেতিবাচক বার্তা পৌঁছানোর আশঙ্কা তৈরি হচ্ছে।
বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে দলটি বলেছে, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম সাংবিধানিক দায়িত্ব। চলমান অগ্নিসন্ত্রাস ও নাশকতা কঠোরভাবে দমন করে জনমনে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে দেশের বাইরে অবস্থান করে যারা এসব কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এনসিপি। পাশাপাশি মাঠপর্যায়ের নাশকতাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে দলটি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দেশের সরকারি-বেসরকারি স্থাপনা ও নাগরিকদের জানমাল আক্রান্ত হওয়ার পরও সরকার নীরব থাকতে পারে না। জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলের অন্তত দুজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে দলটি।
এনসিপির ভাষ্য, এসব সন্ত্রাসী কর্মকাণ্ড জাতীয় সংসদ ও বাংলাদেশের সার্বভৌম অস্তিত্বের প্রতি চ্যালেঞ্জ। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে আইনি উপায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।The post আ. লীগের অগ্নিসন্ত্রাস ও গ্রামীণ ব্যাংকে হামলা দমনের দাবি এনসিপি’র first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
মতামত দিন