গাজীপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার শঙ্কা, পুলিশের গাড়িতে আগুন
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার সকাল থেকে মহানগরীর ছয়দানা, হারিকেন, মালেকের বাড়ি, ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া এবং গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, মেম্বারবাড়ি, ভবানীপুর ও হোতাপাড়াসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গাজীপুর মহানগর পুলিশের একটি জিপ গাড়িতে অগ্নিসংযোগ ও বিভিন্ন যানবাহন ভাঙচুর করা হয়। শ্রমিকের ছদ্মবেশে দুষ্কৃতকারীরা আন্দোলনে ঢুকে নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আশিক সাঈদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন ২৬ প্লাটুন থেকে বাড়িয়ে ৩১ প্লাটুন করা হয়েছে। দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হারিকেন এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
হাজার হাজার যাত্রী ও পরিবহন শ্রমিক আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন। একই সময়ে মালিকের বাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গাজীপুর মহানগর পুলিশের একটি সাদা রঙের জিপ গাড়িতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, শ্রমিক আন্দোলনের পরিস্থিতি দেখতে তিনি পুলিশের জিপ গাড়িটি নিয়ে ঘটনাস্থলে যান। গাড়ি থেকে নামার পর আশপাশের গলিতে অবস্থান নেওয়া লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলার একপর্যায়ে গাড়িটিতে আগুন দেওয়া হয়। তবে তিনি নিরাপদে রয়েছেন।
গাড়িটি আগে থেকেই লক্ষ্যবস্তু করা হয়েছিল বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে শ্রমিকরা বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেন। এ সুযোগে শ্রমিকের ছদ্মবেশে দুষ্কৃতকারীরা আন্দোলনে ঢুকে পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে। এমনকি শ্রমিকদের মারধর এবং কারখানার ভেতরে ঢুকেও নাশকতার চেষ্টা করছে তারা। এসব সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই শ্রমিকদের স্বাভাবিক আন্দোলনের অংশ হতে পারে না। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন দুষ্কৃতকারী গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন যেন কোনো পক্ষের নাশকতা ও সহিংসতার আড়ালে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এদিকে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, মেম্বারবাড়ি, ভবানীপুর ও হোতাপাড়া এলাকায়ও শ্রমিক বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক উত্তপ্ত হয়ে ওঠে। এনএজেড গ্রুপের ফকিরা গার্মেন্টস, আরএনজি ও মন্ডল ইন্টিমেট গার্মেন্টসসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। ভবানীপুরের ক্রিস্টাল মার্টিন অ্যাপারেলস বাংলাদেশ লিমিটেড কারখানায় বহিরাগতদের হামলার অভিযোগও পাওয়া গেছে। শ্রমিকদের অভিযোগ, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি, অতিরিক্ত কাজের ভাতা, বাৎসরিক ছুটি ও ইনক্রিমেন্টের বিষয়ে কর্তৃপক্ষের দেওয়া আশ্বাস বাস্তবায়ন করা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে কোথাও কোথাও ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
মতামত দিন