চব্বিশের মতো সবাইকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মত

পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া দীর্ঘ বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সংসদে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পলাতক ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে। দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত চিহ্নিত এই সন্ত্রাসী গোষ্ঠী দেশ ও জনগণের বিরুদ্ধে আবারও তৎপর হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

সংসদে প্রতিনিধিত্বকারী এবং সংসদের বাইরের সকল গণতান্ত্রিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে সংসদ নেতা বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ই নভেম্বর এবং ৫ই আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই। ‘এরা কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাদ উল্লেখ করে বলেন, কথায় বলে চোর না শুনে ধর্মের কাহিনী। সুযোগ পেলেই এই ফ্যাসিস্ট দলটির চরিত্র যে কখনোই ঠিক হবে না, গত কয়েক দিনের চিত্রে তা আবারও পরিষ্কারভাবে ফুটে উঠেছে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরে সংসদ নেতা জানান, এই সন্ত্রাসীরা বিদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার অপচেষ্টা চালিয়েছে।

এছাড়াও এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার চেষ্টা, আমেরিকায় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন বাংলাদেশি নারী শিল্পীর ওপর বর্বরোচিত আক্রমণ চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, পলাতক নেত্রীর নির্দেশে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া এবং হত্যার তালিকা তৈরির মতো বেপরোয়া সন্ত্রাস চালাচ্ছে। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে তারা নিজেরাই প্রমাণ করেছে যে এরা কোনো রাজনৈতিক দল নয়, বরং এদের পরিচয় একটি চিহ্নিত ‘সন্ত্রাসী গোষ্ঠী’। আশ্রয়দাতাদের প্রতি কড়া বার্তা ও স্বাধীনতা রক্ষার শপথ বিদেশে অবস্থানরত এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যারা এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্ট হয়ে গেছে—তারা গণতন্ত্রকামী মানুষের বদলে সন্ত্রাসীদের সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় জনগণ কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি। তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগান স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আবারও আজ সেই আওয়াজ তুলে বলি—ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। বাংলাদেশকে আর কখনোই কোনো তাবেদারের হাতে সঁপে দেওয়া হবে না উল্লেখ করে সংসদ নেতা বলেন, যাদের হাতে গোলামীর জিঞ্জির, সেই তাবেদারি শক্তিকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না; মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗