স্ত্রীকে যৌন সম্পর্কে বাধ্য করা ভারতে অপরাধ? সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট
ভারতীয় ফৌজদারি আইন অনুযায়ী, কোনো নারীকে ইচ্ছার বিরুদ্ধে যৌন মিলনে বাধ্য করা ধর্ষণ। কিন্তু যদি তার বয়স ১৮ বছর বা তার বেশি হয়, তিনি বিবাহিত হন এবং স্বামী তাকে ইচ্ছার বিরুদ্ধে যৌন মিলনে বাধ্য করেন, তাহলে সেই ঘটনা ধর্ষণ বলে গণ্য করা হয় না। এই ব্যতিক্রমের আইনি বৈধতার বিষয়ে সিদ্ধান্ত এখন ভারতের শীর্ষ আদালতের হাতে।
সুপ্রিম কোর্টে বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত ১০টি আবেদনের একসঙ্গে শুনানি শুরু হওয়ার কথা ছিল বুধবার ১৮ই নভেম্বর থেকে। তবে বিকেল পর্যন্ত মামলাগুলির শুনানি শুরু হয় নি বলেই জানা যাচ্ছে। এর আগে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে শুনানির সময়ে বিচারপতি জয়মাল্য বাগচী বলেছিলেন, যদি কোনো নারীকে তার স্বামী যৌন মিলনের জন্য বাধ্য করেন, তবে ওই নারী 'নিশ্চিতভাবেই একজন ভিক্টিম'।
প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি. মোহনার সঙ্গে মামলার শুনানিতে উপস্থিত ছিলেন ওই বেঞ্চেরই অন্যতম সদস্য বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি বলেছিলেন, "প্রশ্ন হলো রাষ্ট্র একে ধর্ষণ হিসেবে বিবেচনা করে কি না।" "এটাই প্রচলিত আইন, সেটা ঠিক হোক বা ভুল।
এটা একটা শাস্তিমূলক আইন।" তিনি এই প্রশ্নও তুলেছিলেন, এই আইনি ব্যতিক্রমের সাংবিধানিক বৈধতা নির্ধারণের আগে আদালত ধর্ষণ মামলা চালানোর অনুমোদন দিতে পারে কি? সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নির্ধারণ করবে যৌন সহিংসতার ঘটনায় অবিবাহিত নারীদের যেভাবে আইনি সুরক্ষা রয়েছে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সেটা প্রযোজ্য কি না।
মতামত দিন