ঢাকার পল্লবীতে বাসে আগুন
ঢাকার পল্লবী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বাসে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পল্লবী থানার সাগুফতা এলাকায় রাস্তার পাশে পার্কিং করা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, পল্লবীর সাগুফতার সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তায় দাঁড় করানো ছিল। দুর্বৃত্তরা বাসের পেছনের সিটে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে মঙ্গলবার রাতেও পল্লবী সিরামিক্স রোডে মিরপুর সুপার লিংক নামে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটকের তথ্য দিয়েছিল।
খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন