বুলডোজারে গুঁড়িয়ে যাবে দাউদের ডেরা! মুম্বইয়ের পাকমোড়িয়া স্ট্রিটে শেষ হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের ইতিহাস
মুম্বইঃ একসময় এই বাড়িই ছিল ভারতের অন্যতম কুখ্যাত অপরাধচক্রের প্রধান ঘাঁটি।(Dawood Ibrahim) এখান থেকেই পরিচালিত হত মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের একাধিক কর্মকাণ্ড। নাম দাউদ ইব্রাহিম। সেই কুখ্যাত ডন এবং তার পরিবারের স্মৃতিবিজড়িত বাড়ি এবার সম্পূর্ণ গুঁড়িয়ে ফেলার প্রস্তুতি নিচ্ছে মুম্বইয়ের পুরসভা (BMC)। দক্ষিণ মুম্বইয়ের ভেন্ডি বাজার এলাকার পাকমোড়িয়া স্ট্রিটে অবস্থিত হজী ইসমাইল হাজী হাবিব মুসাফিরখানার শেষ অংশটুকুও ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। (Dawood Ibrahim)পুরসভার পরিকল্পনা অনুযায়ী, বাড়িটির প্রথম তলার বাকি ১০টি ঘর এবং নিচের তলায় থাকা একটি বিতর্কিত প্রার্থনাস্থল ভেঙে ফেলা হবে। রাস্তা সম্প্রসারণ এবং বিপজ্জনক ভবন সরানোর প্রয়োজনেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। তবে বাড়িটির মালিকানা, মসজিদ হিসেবে পরিচিত জায়গাটির আইনি অবস্থান এবং পুনর্বাসন নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। আরও দেখুনঃ মোদীর অটো-রিকশা ‘পাকিস্তানের তৈরি’! আসল সত্য সামনে আসতেই মুখ পুড়ল পাক নেটিজেনদের প্রায় ১৯৩৯ সালে হজযাত্রীদের সাময়িক আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে এই মুসাফিরখানা তৈরি করা হয়েছিল। দক্ষিণ মুম্বইয়ের পাকমোড়িয়া স্ট্রিটে অবস্থিত এই ভবনটি মূলত একটি জনকল্যাণমূলক ধর্মীয় অতিথিশালা হিসেবে ব্যবহারের কথা ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভবনটির চরিত্র বদলে যায়। অভিযোগ, একসময় পুলিশের হেড কনস্টেবল ইব্রাহিম কাসকরের ছেলে দাউদ ইব্রাহিম সেখানে ভাড়াটে হিসেবে বসবাস শুরু করেন। পরে ধীরে ধীরে গোটা দ্বিতীয় তলার নিয়ন্ত্রণ চলে যায় তাঁর হাতে।
বাবা-মা এবং ভাইবোনদের সঙ্গে এই বাড়িতেই থাকতেন দাউদ। পরবর্তী সময়ে সেটিই হয়ে ওঠে তার অপরাধচক্র ডি-কোম্পানির অন্যতম প্রধান কেন্দ্র। সত্তরের দশকের শেষ দিক থেকে আশির দশকে মুম্বইয়ের অপরাধজগতে দাউদের প্রভাব যত বাড়তে থাকে, ততই পাকমোড়িয়া স্ট্রিটের এই বাড়ির গুরুত্ব বাড়ে। (Dawood Ibrahim)অভিযোগ, বাড়িটির দ্বিতীয় তলা কার্যত দখল করে সেখানে নিজের অফিস ও কার্যকলাপ পরিচালনা করতেন তিনি। ভবনের নিচের তলায় ৩২টি বাণিজ্যিক দোকান এবং উপরের তলাগুলিতে ১৯টি আবাসিক ইউনিটে সাধারণ ভাড়াটে ও ব্যবসায়ীরা থাকতেন। পাশাপাশি, চোরাচালানের সামগ্রী মজুত রাখার কাজেও ভবনটি ব্যবহৃত হত বলে বিভিন্ন তদন্তকারী সংস্থার নথিতে উল্লেখ রয়েছে। তবে দাউদ বা তাঁর পরিবারের সদস্যদের নামে ভবনটির কোনও বৈধ মালিকানা বা আনুষ্ঠানিক নিবন্ধনের প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ, আইনি মালিকানা না থাকলেও বেআইনি দখলের মাধ্যমে জায়গাটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছিল বলে সরকারি নথিতে দাবি করা হয়েছে। ১৯৮৬ সালে ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও পাকমোড়িয়া স্ট্রিটের সঙ্গে দাউদের যোগাযোগ পুরোপুরি শেষ হয়নি। তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা সেখানে সক্রিয় ছিলেন। ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্রের পরিকল্পনার ক্ষেত্রেও ভবনটির দ্বিতীয় তলা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল বলে তদন্তে উঠে আসে। বিস্ফোরণের পর দাউদের পরিবারের বেআইনি দখলদারি থেকে ভবনটি মুক্ত করার প্রক্রিয়া শুরু করে মহারাষ্ট্র সরকার। পরবর্তী সময়ে তাঁর মা আমিনা বি এবং পরিবারের অন্য সদস্যরাও সেখানে বসবাস করতেন।
ভাই ইকবাল কাসকরও পরবর্তী সময়ে ভবনটি ব্যবহার করেছিলেন বলে জানা যায়। দাউদের নিয়ন্ত্রণে থাকা দ্বিতীয় তলার একটি অংশ পরে টাডা আইনের আওতায় আদালতের নির্দেশে বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি, স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স অ্যাক্ট বা SAFEMA আইনের অধীনেও ১৯৯৮ থেকে ২০১৮ সালের মধ্যে পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেয় কেন্দ্র। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমিনা বি এবং দাউদের বোন হাসিনা পার্কার দিল্লি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াই চালান। শেষ পর্যন্ত ২০১৮ সালের এপ্রিল মাসে তাঁদের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। মুম্বইয়ে পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও বহাল থাকে। অন্যদিকে, ভবনটির প্রকৃত মালিকানা নিয়ে আলাদা একটি অধ্যায় রয়েছে। হজী ইসমাইল হাজী হাবিব মুসাফিরখানা ট্রাস্টই ছিল এই সম্পত্তির বৈধ মালিক। বম্বে হাইকোর্টের নথি অনুযায়ী, ২০১৫ সালের নভেম্বর মাসে চ্যারিটি কমিশনারের অনুমতি নিয়ে ট্রাস্টটি প্রায় ১.১০ কোটি টাকায় ভবনটি সাইফি বুরহানি আপলিফটমেন্ট ট্রাস্টের (SBUT) কাছে বিক্রি করে। ভেন্ডি বাজার এলাকার বৃহত্তর পুনর্নির্মাণ প্রকল্পের দায়িত্বে রয়েছে এই সংস্থা। তবে ভবনটি অত্যন্ত জরাজীর্ণ এবং বিপজ্জনক বলে চিহ্নিত করে BMC। সেটিকে C-1 শ্রেণির বিপজ্জনক ভবন হিসেবে ঘোষণা করা হয়। ২০২০ সালের আগস্ট মাসে বম্বে হাইকোর্টও ভবনটি ভেঙে ফেলার অনুমতি দেয়।
এরপর ধাপে ধাপে উপরের তলাগুলি খালি করে ভেঙে ফেলা হয়। কিন্তু এবার বিতর্ক তৈরি হয়েছে নিচের তলার প্রার্থনাস্থলকে ঘিরে। গত ১৬ নভেম্বর BMC-র তরফে নতুন করে নোটিস দিয়ে জানানো হয়, প্রথম তলার বাকি ১০টি ঘরের পাশাপাশি নিচের তলার জায়গাটিও ভেঙে ফেলা হবে। পুরসভার নথিতে জায়গাটিকে প্রার্থনাকক্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দা, দোকানদার এবং মহারাষ্ট্র ওয়াকফ বোর্ডের দাবি, এটি আসলে একটি মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি। তাঁদের বক্তব্য, ওয়াকফ সম্পত্তি হলে সেটি SBUT-র কাছে বিক্রি করার আইনি বৈধতা নিয়েই প্রশ্ন রয়েছে। যদিও ওয়াকফ ট্রাইব্যুনাল এর আগে ভবনটিকে ওয়াকফ সম্পত্তি নয় বলে জানিয়েছিল। এই বিরোধের জেরেই বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ভবনটির নিচের তলার জায়গাটি প্রায় ১৪০ বছরের পুরনো মসজিদ। অন্যদিকে, AIMIM নেতা ওয়ারিস পাঠান পুরসভার পদক্ষেপকে বেআইনি বলে অভিযোগ করেছেন। তাঁর দাবি, সুপ্রিম কোর্ট এবং ওয়াকফ ট্রাইব্যুনালের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও ভাঙার নোটিস দেওয়া হয়েছে। আইনি বিষয়টি আদালতে তুলে ধরার জন্য তিনি ১৫ দিন সময় দেওয়ার দাবি জানিয়েছেন।
মতামত দিন