কেউটে-গোখরো নিয়েই ওঠাবসা! বাড়ির মনসাপুজোয় সেই বিষধরের ছোবলেই মৃত্যু যুবকের
কাছেপিঠে সাপ বেরলে তাঁর ডাক পড়ত। সাপ ধরার জন্য এলাকার মানুষের প্রথম ভরসা ছিলেন রাহুল দণ্ডপাট। সাপের সঙ্গে ছিল যেন তাঁর নিবিড় সম্পর্ক। বিষধর সাপ গলায় ঝুলিয়ে অবলীলায় ঘুরতেও দেখা যেত তাঁকে। শেষপর্যন্ত সেই সাপের ছোবলেই প্রাণ হারাতে হল যুবককে। গতকাল, মঙ্গলবার মনসা পুজো ছিল রাহুল দণ্ডপাটের বাড়িতে। পুজো উপলক্ষ্যে বিষধর সাপ গলায় ঝুলিয়ে খেলা দেখাচ্ছিলেন। তখনই ঘটে ওই ভয়াবহ ঘটনা। বিষধরের ছোবল পড়ে তাঁর হাতে।
কিছুক্ষণের মধ্যেই সব শেষ। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। গোপীবল্লভপুর-২ ব্লকের চৈনিশোল বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ছিলেন রাহুল দণ্ডপাট। ছোট থেকেই সাপ, পশুপাখির উপর প্রেম। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাপের প্রতি আলাদাই ভালোবাসা গড়ে উঠেছিল রাহুলের। সোশ্যাল মিডিয়ায় ‘রাহুল স্নেক এক্সপার্ট’ নামেও পরিচিত ছিলেন তিনি। সাপ ধরার ভিডিও প্রকাশ করতেন তিনি। তাঁর ভিডিওতে প্রায়ই শোনা যেত পরিচিত কণ্ঠস্বর, “জয়হিন্দ দোস্ত, আপনারা দেখছেন রাহুল স্নেক এক্সপার্ট…।” প্রতি বছর নিজের বাড়িতে মনসা পুজোর আয়োজন করতেন রাহুল। তাঁর উদ্যোগেই পুজো উপলক্ষে আয়োজিত হত বাংলার লোক সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘ঝাঁপান’ উৎসব।
বিষধর সাপ নিয়ে রাহুল। ছবি-সংগৃহীত মঙ্গলবার সেই ঝাঁপান উৎসবের আয়োজন হয়েছিল তাঁর বাড়িতে। দুপুরে মনসা পুজোর ঘট নিয়ে ফেরার সময় বিষধর সাপের খেলা দেখাচ্ছিলেন বছর ৩২ বয়সী রাহুল। বহু মানুষ সেই সাপের খেলার ভিডিও তুলছিলেন মোবাইল ফোনে। উপস্থিত লোকজন জানিয়েছেন, খেলা দেখানোর সময় মুহূর্তে অসতর্ক হয়েছিলেন রাহুল। ওই সাপটি তাঁর হাতে ছোবল মারে। দ্রুত পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আকস্মিক মৃত্যুতে ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়।
স্থানীয়দের দাবি, কোথাও সাপ বেরলেই রাহুলকে খবর দেওয়া হত। এক ডাকেই ছুটে যেতেন তিনি। সাপ উদ্ধার করে সেগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়াই ছিল তাঁর কাজ। দেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাহুলের মৃত্যু সাপ উদ্ধার ও বিষধর সাপ নিয়ে প্রদর্শনের ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নও সামনে এনে দিয়েছে। প্রশিক্ষণ ও উপযুক্ত নিরাপত্তা সরঞ্জাম ছাড়া বিষধর সাপ ধরতে যাওয়া বিপজ্জনক। রাহুল কতটা নিরাপত্তা নিয়েছিলেন? সেই প্রশ্নও উঠেছে।
মতামত দিন