আত্মকথার উদ্বোধনে সোনিয়ার পরনের শাড়িতে বাংলা যোগ, জানেন কী বিশেষত্ব?
সোনিয়ার আত্মকথা ‘বিলঙ্গিং’ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। ওই অনুষ্ঠানে তাঁর পরনের শাড়ি নিয়েও কম আলোচনা হচ্ছে না। কারণ, সাধারণত এরকম জমকালো শাড়িতে দেখা যায় না তাঁকে সেভাবে। ওই শাড়ির সঙ্গে রয়েছে বাংলা যোগও। গোলানি বুটেদার বালুচরি পরেছিলেন সোনিয়া। এটি বেনারসি বালুচরি। শাড়িটি খাঁটি মালদহ সিল্কে বোনা। নীল এবং রানি গোলাপি সুতোয় বোনা এই শাড়িটিতে বেগুনি আভা নজর কেড়েছে সকলের।
আত্মজীবনীর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়ের সঙ্গে সোনিয়া। ছবি: সংগৃহীত। শাড়িটি অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ পদ্ধতিতেই বোনা হয়েছে। সাধারণত ‘চালানি’ এবং ‘গোলানি’ দুই পদ্ধতিতে বালুচরি বোনা হয়। ‘চালানি’ পদ্ধতির মতো এতে পিছনের দিকে বাড়তি সুতো ঝুলে থাকে না। বরং প্রতিটি বুটির জন্য আলাদা আলাদা করে সুতো ব্যবহার করা হয়েছে। আঁচলে ঐতিহ্যবাহী ‘বক্স পাল্লা’ নকশা রয়েছে। যা বর্তমানে খুব কম তাঁতেই বোনা হয়।
‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ বইটির উদ্বোধন। ছবি: সংগৃহীত। শাড়ির জমিতে এক সারিতে সবুজ, হলুদ এবং হালকা হলুদ রঙের বুটি রয়েছে। পাড়ে দুই রঙের সূক্ষ্ম মিনাকারি কাজ। যা শাড়িকে নিঃসন্দেহে আরও নজরকাড়া করে তুলেছে। ‘বিলঙ্গিং’ প্রকাশ অনুষ্ঠানে রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে সোনিয়া। ছবি: সংগৃহীত। বালুচরি শাড়ি বছরের পর বছর ধরে মন জয় করেছে শাড়িপ্রেমীদের।
এই শাড়ির ঐতিহ্য প্রায় ৩০০-৫০০ বছরের প্রাচীন। এই শিল্পের সূচনা মুর্শিদাবাদের বালুচর গ্রামে। পরবর্তীকালে এই শিল্প বাঁকুড়ার বিষ্ণুপুরে স্থানান্তরিত হয়। বেনারসেও কিছু বুটেদার বালুচরি বোনা শুরু হয়। বস্ত্র সংরক্ষক পুপুল জয়করের সান্নিধ্যে এসে সোনিয়া গান্ধীর ভারতের ঐতিহ্য়বাহী বস্ত্রশিল্পের প্রতি টান তৈরি হয়। আর সেই টান থেকে বাংলার বয়নশিল্পকেই তুলে ধরেছিলেন সোনিয়া।
মতামত দিন