বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ১১০৩ জনের চাহিদাপত্র পেল বোয়েসেল

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে নতুন করে ১ হাজার ১০৩ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে নতুন করে ১ হাজার ১০৩ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এর মধ্যে নতুন করে ৫৩৫ জনের নিয়োগ চাহিদাপত্র এসেছে। আর আগে পাওয়া ৫৬৮ জনের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম পর্যায়ের নিয়োগ প্রক্রিয়ায় ইতোমধ্যে ৩০০ জনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া ৭০ জনের কলিং ভিসা পাওয়া গেছে।

চলতি মাসের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মোট ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

গত ২ নভেম্বর মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারিতে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হচ্ছে। পরবর্তী সময়ে সাক্ষাৎকার, দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে কর্মী নিয়োগ দেওয়া হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗