মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালক মোছাব্বিরকে হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোসাম্মৎ সামশাদ বেগম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—তাজুল ইসলাম, নূর উদ্দিন, ফরমুজ মিয়া, টিপু আহমেদ, বশির মিয়া (পলাতক) ও খুরশেদ মিয়া (পলাতক)। আদালত সূত্রে জানা গেছে, মামলায় মোট আসামি ছিলেন ৬ জনই। দীর্ঘদিন ধরে বিচারাধীন এ মামলার রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মৌলভীবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে চলা এ হত্যা মামলার রায়ে আমরা সন্তুষ্ট। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটির রায় হয়েছে। আমরা আশা করি, এ রায়ের মধ্য দিয়ে নিহত ব্যক্তির পরিবার ন্যায়বিচার পেয়েছেন।’
খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন