শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৪ জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।
গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় দায়িত্ব পালন করছেন ১৫ প্লাটুন সদস্য। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি আরও জানায়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা দায়িত্ব পালন করছেন।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ ব্যবহার করা হচ্ছে।
খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন