কর্মজীবীদের দক্ষতা উন্নয়ন ও নতুন পেশায় প্রস্তুত করতে ডিজিটাল প্ল্যাটফর্ম
কর্মজীবীদের দক্ষতা উন্নয়ন ও নতুন পেশার জন্য প্রস্তুত করতে চালু করা তুরস্কের ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্মে এ বছর আবেদন করেছেন প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ। এর মধ্যে প্রায় ৫৫ হাজার মানুষ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন দেশটির উচ্চশিক্ষা কাউন্সিলের (ইওকে) প্রধান এরোল ওজভার। সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানায় তুরস্কের উচ্চশিক্ষা কাউন্সিল। দেশটির আহি এভরান বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল ইউনিভার্সিটি প্ল্যাটফর্মের নতুন শিক্ষাবর্ষের অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন ওজভার। তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে কর্মীদের বর্তমানে থাকা প্রায় ৪০ শতাংশ দক্ষতা পরিবর্তিত হয়ে যাবে অথবা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।
এ পরিস্থিতিতে নিয়মিত নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন আর ঐচ্ছিক বিষয় নয়, বরং সময়ের দাবি। ওজভারের ভাষ্য, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানুষের জীবনযাত্রা, কাজের ধরন, উৎপাদনব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে তথ্য তৈরি, ব্যবহার ও বিনিময়ের পদ্ধতি দ্রুত বদলে যাচ্ছে। এর প্রভাব পড়ছে পেশা ও শ্রমবাজারেও। কিছু প্রচলিত পেশার গুরুত্ব কমে যাচ্ছে, আবার নতুন নতুন বিশেষায়িত কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে।
একই সঙ্গে বিদ্যমান চাকরিগুলোতেও প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার ধরন পরিবর্তিত হচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতা এখন আর পুরো কর্মজীবনের জন্য যথেষ্ট নয়। শুধু শিক্ষার্থী নয়, দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন প্রকৌশলী, শিক্ষক, চিকিৎসক ও সরকারি কর্মকর্তাদেরও নতুন দক্ষতা অর্জন করতে হবে। ওজভার জানান, গত বছর চালু হওয়া ‘ডেটা অ্যানালাইসিস স্কুল’ ছিল এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। প্রথম বছরেই কর্মসূচিটিতে ব্যাপক সাড়া পাওয়া যায়।
শুরুতে ১ লাখ ৩৫ হাজারের বেশি আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রায় ৩০ হাজার সক্রিয় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরিচালনায় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণকারীদের সন্তুষ্টির হার ছিল ৮৬ শতাংশ। এই সাফল্যই উদ্যোগটি আরো বিস্তৃত করার উৎসাহ জুগিয়েছে বলে জানান ওজভার।
মতামত দিন