একটার পর একটা ফ্লাইট বাতিল, বিপুল ঋণের বোঝা! বন্ধের পথে স্পাইসজেট?
নয়াদিল্লি: দেশের বিমান পরিষেবায় স্পাইসজেটকে ঘিরে উদ্বেগ বাড়ছে। কখনও ঘণ্টার পর ঘণ্টা ফ্লাইটের বিলম্ব, কখনও আবার শেষ মুহূর্তে উড়ান বাতিল। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে সংস্থার একাধিক ফ্লাইট দেরিতে চলায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। অন্যদিকে, বাগডোগরা থেকে আহমেদাবাদগামী একটি বিমান বাতিল হওয়ায় আটকে পড়েন প্রায় ৫০ থেকে ৭০ জন যাত্রী। তাঁদের অভিযোগ, সময়মতো বাতিলের খবর দেওয়া হয়নি। বিকল্প বিমান বা হোটেলের ব্যবস্থাও করতে হয়েছে নিজেদের উদ্যোগে। একের পর এক সমস্যায় স্পাইসজেট গত কয়েক মাস ধরে একাধিক পরিচালনগত সমস্যার মুখে পড়েছে বিমান সংস্থাটি। বিমানবন্দরের বকেয়া শুল্ক, কর্মীদের বেতন দিতে দেরি, ক্রু সঙ্কট এবং বহু বিমান বসে থাকার মতো সমস্যা পরিষেবাকে প্রভাবিত করছে। সম্প্রতি দুবাই থেকে স্পাইসজেটের চারটি উড়ান বাতিল করতে হয়। রিপোর্ট অনুযায়ী, বকেয়া অর্থ না মেটানোয় দুবাই বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থা ডনাটা স্পাইসজেটের চেক-ইন পরিষেবা বন্ধ করে দিয়েছিল।
তাদের কাছে সংস্থার ১.৪ কোটি দিরহামেরও বেশি বকেয়া ছিল বলে দাবি। কর্মীদের বেতন নিয়েও উদ্বেগ রয়েছে। বিভিন্ন রিপোর্টে দাবি, কয়েক মাস ধরে বেতন পেতে দেরি হচ্ছে কর্মীদের। এর জেরে কর্মী ও ক্রু সঙ্কট তৈরি হয়েছে। ১৯ সেপ্টেম্বর দিল্লি বিমানবন্দর থেকে স্পাইসজেটের চারটি উড়ান কর্মীর অভাবে নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি বলেও খবর। সচল বিমানের সংখ্যা কমছে রিপোর্ট অনুযায়ী, স্পাইসজেটের ৬০টি বিমানের মধ্যে এক সময়ে মাত্র ১২টি সচল ছিল। অক্টোবরের শেষে ২০টির বেশি বিমান নথিভুক্ত থাকলেও কার্যকর ছিল মাত্র ১১টি। প্রতিদিন প্রায় ৬৫টি উড়ান চালানোর কথা থাকলেও ১৫ থেকে ২০টি পর্যন্ত বাতিল হওয়ার অভিযোগ উঠেছে। বেশ কিছু উড়ানে তিন থেকে পাঁচ ঘণ্টা বিলম্বের ঘটনাও সামনে এসেছে। সংস্থার বাজারের অংশীদারিত্বেও বড় পতন হয়েছে।
রয়টার্সের ১৩ নভেম্বরের রিপোর্ট অনুযায়ী, ভারতের অভ্যন্তরীণ বিমান পরিবহণের বাজারে ২০১৯ সালে স্পাইসজেটের অংশ ছিল প্রায় ১৫ শতাংশ। ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ০.৬ শতাংশে। ৯ হাজার কোটি টাকার বেশি লোকসানের দাবি স্পাইসজেটের আর্থিক অবস্থাও যথেষ্ট উদ্বেগজনক বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। সংস্থার মোট ক্ষতির পরিমাণ ৯ হাজার কোটি টাকা এবং দেনা ৬ হাজার কোটি টাকারও বেশি বলে উল্লেখ করা হয়েছে। টিডিএস, জিএসটি ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড-সহ বিভিন্ন খাতে বকেয়া রয়েছে ৬০০ থেকে ৬৫০ কোটি টাকা বলে দাবি। অথচ গত কয়েক বছরে সংস্থাটি বিপুল অর্থ সংগ্রহ করেছে। ২০২৪ সালের জানুয়ারিতে ৭৪৪ কোটি টাকা এবং ওই বছরের সেপ্টেম্বরে কিউআইপি-র মাধ্যমে প্রায় ৩,০০০ কোটি টাকা তোলা হয়েছিল। সরকারি ঋণ সহায়তা এবং ঋণ পুনর্গঠনের সুবিধাও পেয়েছিল সংস্থাটি। তবু আর্থিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রশ্ন উঠছে সংগৃহীত অর্থ কীভাবে ব্যবহার করা হয়েছে। শেয়ার লেনদেন ও আইনি জটিলতা নির্ধারিত সময়ে আর্থিক ফলাফল জমা না দেওয়ায় শেয়ার বাজারেও চাপ তৈরি হয়েছে।
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ৭ ডিসেম্বরের মধ্যে বকেয়া ফলাফল জমা না দিলে ১০ ডিসেম্বর থেকে স্পাইসজেটের শেয়ার লেনদেন বন্ধ হতে পারে বলে সতর্ক করেছে বম্বে স্টক এক্সচেঞ্জ। এর পাশাপাশি প্রাক্তন নিয়ন্ত্রক কালানিধি মারান ও তাঁর সংস্থা কেএএল এয়ারওয়েজের সঙ্গে আইনি বিবাদও চলছে। মঙ্গলবার দিল্লি হাই কোর্ট ১৪৪.৫১ কোটি টাকা জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়ে স্পাইসজেটের আবেদন খারিজ করে দিয়েছে। এই পরিস্থিতিতে ১৮ নভেম্বর পরিচালন পর্ষদের বৈঠকে নতুন করে মূলধন সংগ্রহের প্রস্তাব বিবেচনা করার কথা স্পাইসজেটের। ইক্যুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার বা কিউআইপি-র মাধ্যমে অর্থ তোলার পরিকল্পনা রয়েছে। এখন দেখার, নতুন অর্থের জোগান দিয়ে সংস্থা কতটা ঘুরে দাঁড়াতে পারে। শালবনিতে JSW র জমির একাংশ ফিরিয়ে নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার ভারতে আসছে Norton-এর দুই প্রিমিয়াম বাইক, ২০২৭-এ বড় চমক?
মতামত দিন