বিলংগিং: সোনিয়ার আত্মকথার পাতায় কতটা সত্য? কতটাই বা সচেতন নীরবতা?
সোনিয়া গান্ধীর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ ঘিরে দেশজোড়া উন্মাদনা। ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় উন্মোচন করলেও রাজনৈতিক জীবনের বহু বিতর্কিত প্রশ্নে নীরব থেকেছেন লেখিকা। আত্মচরিতের পাতায় তাই কতটা সত্য, আর কতটাই বা সচেতন নীরবতা? এক সপ্তাহ ধরে সোনিয়া গান্ধীর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ নিয়ে দেশজুড়ে যে-আগ্রহ, উদ্দীপনা, আলোড়ন এমনকী উন্মাদনা দেখা গেল, সাম্প্রতিককালে কোনও ভারতীয়র লেখা কোনও বই নিয়ে তা দেখা যায়নি। ৭ দিনেই ২ লক্ষ কপি নিঃশেষিত। বইটি ‘হারপার কলিন্স’-এর কাছে অবশ্যই পড়ে পাওয়া চোদ্দো আনার শামিল। ‘পেঙ্গুইন ইন্ডিয়া’-র হাত কামড়ানো ছাড়া উপায় নেই। এ বই তাদেরই ছাপার কথা ছিল। শেষ মুহূর্তে নানা আপত্তিজনিত কারণে বেঁকে না বসলে (কাদের উসকানি বা প্ররোচনায় কে জানে!) মা লক্ষ্মীর কৃপা তাদের উপরেই ঝরত। লুটেন্স দিল্লির খান মার্কেটের ‘বাহরিসন্স বুকসেলার্স’-এর সামনে ১০ নভেম্বর ছিল থিকথিকে ভিড়। যত ক্রেতা তত সাংবাদিক। চার দশকের বেশি দিল্লিতে। ওই দোকানের শো কেসে একটি মাত্র বই জ্বলজ্বল করছে কখনও দেখিনি! দোকান জুড়ে শুধু সোনিয়ার ‘বিলংগিং’। ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিংয়ের হ্যারি পটার ১৯৯৭ সালে এমন হইচই ফেলেছিল। গণমাধ্যমে খবর হয়েছিল, কোনও কোনও শহরে বইটি কিনতে আগের রাত থেকে লাইন পড়েছিল। আলোড়ন তুলেছিল প্রয়াত রাষ্ট্রপতি এ. পি. জে. আবদুল কালামের লেখা ‘উইংস অফ ফায়ার’ এবং মনমোহন সিং-কে নিয়ে লেখা তঁারই মিডিয়া পরামর্শক সঞ্জয় বারু-র ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ বই দু’টিও। সলমন রুশদির ‘সেটানিক ভার্সেস’ কৌতূহল জাগিয়েছিল নিষিদ্ধ হওয়ার দরুন। অরুন্ধতী রায়ের ‘দ্য গড অফ স্মল থিংস’-এর আকর্ষণ ছিল তার কাহিনিবিন্যাস ও সাহিত্যগুণ।
কিন্তু ‘বিলংগিং’ নিয়ে মাতামাতি ও আলোচনা সবাইকে ছাপিয়ে গিয়েছে। এই অভূতপূর্ব উন্মাদনার একটি কারণ যদি হন লেখিকা ও তঁার রহস্যময়তা, দ্বিতীয় কারণ তাহলে অবশ্যই ‘বিলংগিং’-এর টানটান গদ্য। এই অভূতপূর্ব উন্মাদনার একটি কারণ যদি হন লেখিকা ও তঁার রহস্যময়তা, দ্বিতীয় কারণ তাহলে অবশ্যই ‘বিলংগিং’-এর টানটান গদ্য। বইটি নির্মাণে যঁারা সাহায্যের হাত বাড়িয়েছেন, তঁাদের অবদান অকপট স্বীকারে সোনিয়া দ্বিধা করেননি। এঁদের মধ্যে রয়েছেন মঞ্জুলিকা দুবে এবং তঁার স্বামী প্রাক্তন সাংবাদিক ও রাজীব গান্ধীর বিশ্বস্ত সুহৃদ সুমন দুবের মতো অকৃত্রিম বন্ধু। আছেন প্যাট্রিক ফেঞ্চ ও রবিন ডেসারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘এডিটর’। এঁদের কল্যাণে ৫০০ পৃষ্ঠার বই শেষ হতে ৩ দিনও লাগেনি। আমি চিরকাল মনে করি, ভাল বই সেটাই– যা পড়া শুরু করলে শেষ না-হওয়া পর্যন্ত মন চঞ্চল থাকে। সার্থক বই সেটা, যা পড়া শেষ হলে ভাবায়। মনের মধ্যে অনেকক্ষণ ধরে রিনরিন করে। আর, সেই বই চিরকালীন, যা বারবার পড়তে মন চায়, প্রতিবার নতুনভাবে উদ্ভাসিত হয়, নতুন আঙ্গিক মেলে ধরে। ‘বিলংগিং’-কে কোন পর্যায়ে রাখব? সে নিয়ে দু’-চার কথা বলার আগে এটুকু বলব, গান্ধীজির ‘দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ’, জওহরলাল নেহরুর ‘টুওয়ার্ডস ফ্রিডম’ ও ‘ডিসকভারি অফ ইন্ডিয়া’ এবং নীরদ সি. চৌধুরীর ‘অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান’ সত্যের যত কাছাকাছি হেঁটেছে, নির্মোহ হয়ে সমাজ ও সমসাময়িক ঘটনাপ্রবাহ পরিবেশন করেছে এবং আত্মবিশ্লেষণের পাশাপাশি দেশ ও সমাজের বিবর্তন ব্যাখ্যা করেছে, ‘বিলংগিং’ তা পারেনি। বইটিকে পরিষ্কার দু’টি পর্যায়ে ভাগ করা যায়। একটি পর্যায়ে রয়েছেন ব্যক্তি সোনিয়া, তঁার নিজস্ব ও পারিবারিক আখ্যান, ভিনদেশি রমণীর ভারতকে ‘স্বদেশ’ বলে মেনে নেওয়ার আন্তরিক সৎ প্রচেষ্টা; অন্যটি তঁার রাজনৈতিক জীবন ও তার বিশ্লেষণ। প্রথম ভাগে সোনিয়া যতটা খোলামেলা, স্বাভাবিক ও নির্ভীক; দ্বিতীয় ভাগে ততটাই রাখোঢাকো, হিসাবি। বইটা শেষ হওয়ার পর একধরনের অতৃপ্তিবোধ ও কষ্ট অনুভূত হয়। কেন যেন মনে হয়, সত্যের কাছ দিয়ে হঁাটা সত্ত্বেও সোনিয়া সাহসী হতে পারলেন না। খাজানা বোঝাই সিন্দুকের চাবি টঁ্যাকে গুঁজে রেখে দিলেন, ডালা খুললেন না! বইটিকে পরিষ্কার দু’টি পর্যায়ে ভাগ করা যায়। একটি পর্যায়ে রয়েছেন ব্যক্তি সোনিয়া, তঁার নিজস্ব ও পারিবারিক আখ্যান, ভিনদেশি রমণীর ভারতকে ‘স্বদেশ’ বলে মেনে নেওয়ার আন্তরিক সৎ প্রচেষ্টা; অন্যটি তঁার রাজনৈতিক জীবন ও তার বিশ্লেষণ। সোনিয়ার চরিত্রের এই দ্বৈত সত্তা বারবার উন্মোচিত। রাজীবের সঙ্গে প্রেম পর্ব, তঁাদের সাদামাঠা পারিবারিক জীবন, ভারতে চলে আসা, ভিন্ন সংস্কৃতিকে আপন করে নেওয়া, একের পর এক পারিবারিক বিপর্যয়, মানসিক দ্বন্দ্ব ও টানাপোড়েনের কাহিনি শোনানোর সময় তিনি প্রকৃত অর্থে ‘সৎ’ থাকার চেষ্টা করেছেন।
প্রথম সন্তানের মৃত্যু ও ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা সহজেই চেপে যেতে পারতেন। যে-দেশের নেতারা শারীরিক অসুস্থতা চেপে রাখেন, সোনিয়া সেখানে স্বেচ্ছায় তা ঘোষণা করেছেন। রাজনীতি যে-দেশের নেতাদের লোভাতুর করে তোলে, হেঁশেল-ঠেলা নারীকে মুখ্যমন্ত্রিত্ব গ্রহণে প্রলুব্ধ করে, সোনিয়া সেখানে অবলীলায় প্রধানমন্ত্রিত্ব ছেড়েছেন। পশ্চিমি মূল্যবোধের মহিমা এটাই। সেই মূল্যবোধ ক্ষমতা বা এলেমের গণ্ডি বুঝতে শেখায়। তিনি জানতেন, সবাই তঁাকে বরণ করলেও একাংশের চোখে তিনি ‘বিদেশিনী’-ই। তঁার রাজনৈতিক উত্তরণ সন্দেহের চোখেই দেখা হবে। পশ্চিমি মূল্যবোধের সেই ঝলক এই বইয়ে বারবার দেখা গিয়েছে। সমান্তরালে দেখা গিয়েছে প্রাচ্য মানসিকতার ঝলকানিও। তাই পারিবারিক ও দলীয় সম্মান রক্ষার ক্ষেত্রে তঁাকে যত্নবান মনে হয়েছে। কর্তব্যপরায়ণ মনে হয়েছে। শাশুড়ি ইন্দিরার ‘স্খলন’ বিচার না করে জরুরি অবস্থার বাড়াবাড়ির জন্য তাই তিনি সঞ্জয় গান্ধীকে ‘ভিলেন অফ দ্য পিস’ বানিয়েছেন। পরিবার ও প্রিয়জনদের ঢাল হয়েছেন। স্বামীকে আড়াল করেছেন। নরসিংহ রাও ও সীতারাম কেশরীর সঙ্গে সম্পর্ক, কেশরীকে কেন অস্তাচলে পাঠানো হয়, বোফর্স বিতর্ক ও কোয়াত্রোচি প্রসঙ্গ কেন তিনি এড়িয়ে গেলেন– তার উত্তর পাওয়া যায়নি। আত্মকথা যেহেতু তঁার, তাই দাবি করা যায় না কোন ঘটনা কতটা ও কীভাবে তিনি চিত্রিত করবেন। ‘ভারতীয়’ হয়ে ওঠা সাবধানি সোনিয়ার আত্মকথা শেষ হলে তাই মনে হয়, কত কিছু অজানা রয়ে গেল। অথচ সত্যের দরজা সহজেই হা-হা উন্মুক্ত করতে পারতেন। জীবনের বেশিরভাগ ভারতে কাটালেও পশ্চিমি মূল্যবোধের বেড়ি থেকে মুক্ত হননি। তাই অনেক কিছু এড়িয়ে গেলেও ভুল আখ্যান তৈরির রাস্তায় হঁাটেননি। অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কহানির প্রকৃত কারণগুলি কী, তা অনুক্তই রয়ে গেল। ‘বিলংগিং’-এ অমিতাভ-প্রসঙ্গ উচ্চারিত মাত্র তিনবার। প্রথমবার সোনিয়াকে লেখা চিঠিতে রাজীব যখন বন্ধু ‘অমিত’-এর কথা লিখেছিলেন। সেই প্রসঙ্গে সোনিয়া লিখেছেন, ‘কয়েক বছরের মধ্যেই সেই বন্ধু ভারতের অন্যতম বিখ্যাত অভিনেতা হন– ‘অমিতাভ বচ্চন’।
দ্বিতীয়বার ১৯৬৮ সালের ১৩ জানুয়ারি দিল্লি এয়ারপোর্টে নামার পর, যেখানে তঁাকে স্বাগত জানাতে রাজীব ও সঞ্জয়ের সঙ্গে হাজির ছিলেন বন্ধু ‘অমিত’। তৃতীয়বার বচ্চনদের গৃহে বিয়ের আগে ‘মেহেন্দি’ অনুষ্ঠানের বর্ণনার সময়। সোনিয়া লিখেছেন, ‘গান ও আনন্দ-ফুর্তির দায়িত্বে ছিল রাজীবের বন্ধু অমিত। তখন সে একজন কর্পোরেট এগ্জিকিউটিভ। বিয়ে উপলক্ষে কলকাতা থেকে এসেছিল।’ আত্মকথা নিয়ে আলাপচারিতায় সোনিয়া। ফাইল ছবি। ব্যস, এই তিনবার ছাড়া পুরো বইয়ে অমিতাভ উহ্য, যদিও ‘আঙ্কেল’ হরিবংশ রাই বচ্চন ও ‘তেজি আন্টি’-র সপ্রশংস উল্লেখ রয়েছে বহুবার। রাজীবের ডাকে সাড়া দিয়ে অমিতাভর রাজনীতিতে আসা, বিরক্ত ও বীতশ্রদ্ধ হয়ে রাজনীতি ছেড়ে দেওয়া, বোফর্স বিতর্ক, দুই পরিবারের বিচ্ছেদ এবং পরবর্তীতে মুখ দেখাদেখি বন্ধ হওয়ার কারণ নিয়েও অবিরাম লেখালিখি হয়েছে। অথচ এই ক্ষেত্রে সত্যকথনে সোনিয়া অনাগ্রহী রইলেন। বিচ্ছিন্নভাবে অমিতাভর বলা– ‘ওঁরা রাজা আমরা প্রজা, রাজাই ঠিক করেন কার সঙ্গে সম্পর্ক রাখবেন, প্রজা নয়’, কিংবা রাহুল গান্ধীর ‘কংগ্রেস ও গান্ধী পরিবার কী– সারা দেশ তা জানে’ মন্তব্য ছাড়া এখনও পর্যন্ত কেউ দুই পরিবারের কারও মুখ খোলাতে পারেননি। অমিতাভ বচ্চনের জীবনী লেখার কাজে দশ বছর তঁার সঙ্গে কাটিয়েছি। দুই পরিবারের বন্ধুত্ব যেমন দেখেছি, বিচ্ছেদ যন্ত্রণার সাক্ষীও তেমন থেকেছি। বহুবার জানতে চেয়েছি সম্পর্কহানির কারণ। অমিতাভর বুক ফেটেছে, মুখ ফোটেনি। এখনও কেউ একে-অপরের কেচ্ছা-কুৎসায় নামেননি। এটাই মূল্যবোধ, শিক্ষা ও প্রতিপালন বা ‘আপব্রিঙ্গিং’। রাজীব নেই। সোনিয়া অনুক্ত। অমিতাভ বচ্চনও নিরুচ্চার। সম্পর্কহানির প্রকৃত সত্য হয়তো রহস্যাবৃতই থেকে যাবে। (মতামত নিজস্ব)
মতামত দিন