সার্বিয়ার নতুন সংসদে শপথ নিলেন ছাত্র আন্দোলনের নেতারা
সার্বিয়ায় ছাত্র আন্দোলনের সমর্থনে নির্বাচনে জয়ী প্রতিনিধিরা নতুন পার্লামেন্টের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার রাজধানী বেলগ্রেডে নবনির্বাচিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশটিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আলেকসান্দার ভুসিচের নেতৃত্বাধীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) টানা ১৪ বছরের শাসনের অবসান ঘটল। গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত আগাম সংসদ নির্বাচনে ‘স্টুডেন্টস লিস্ট’ ২৫০ আসনের পার্লামেন্টে ১৪০টি আসন পায়। ফলে এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ছাত্র আন্দোলন-সমর্থিত এই জোট। অন্যদিকে ভুসিচের নেতৃত্বাধীন জোট পেয়েছে ১০৩টি আসন।
বাকি সাতটি আসন পেয়েছে সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলো। নতুন সংসদের প্রথম অধিবেশনে ছাত্র আন্দোলনের সমর্থনে নির্বাচিত ১৪০ জন প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে তাদের আসন গ্রহণ করেন। এর আগে পার্লামেন্ট ভবনের বাইরে কয়েক শ সমর্থক তাদের স্বাগত জানান। এ সময় তারা স্লোগান দেন, করতালি দেন এবং নবনির্বাচিত প্রতিনিধিদের শুভকামনা জানিয়ে ব্যানার প্রদর্শন করেন। তবে ভুসিচের দল এসএনএসের প্রতিনিধিরা সেখানে পৌঁছালে তাদের উদ্দেশে দুয়োধ্বনি দেওয়া হয়। এ সময় এসএনএসের এক নারী সদস্য পার্লামেন্ট ভবনে প্রবেশের সিঁড়ি দিয়ে ওঠার সময় এক নারী তার মাথায় দই ঢেলে দেন।
প্রায় দুই বছর ধরে চলা ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় এই নির্বাচনী জয় এসেছে। ২০২৪ সালে সার্বিয়ার নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। ওই দুর্ঘটনার জন্য ব্যাপকভাবে দুর্নীতিকে দায়ী করা হয়েছিল। দুর্ঘটনার পর শিক্ষার্থীদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। ২০০০ সালে স্লোবোদান মিলোসেভিচের পতনের পর এটিকে সার্বিয়ার অন্যতম বৃহৎ বিক্ষোভ হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ আন্দোলনের পর ছাত্র আন্দোলন-সমর্থিত প্রার্থীরা নির্বাচনে দুর্নীতিবিরোধী কর্মসূচি নিয়ে অংশ নেন এবং বড় জয় পান।
নবনির্বাচিত প্রতিনিধিদের বেশির ভাগই পেশাদার রাজনীতিক নন। তাদের মধ্যে শিক্ষাবিদ, শিল্পী ও বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। স্টুডেন্টস লিস্টের প্রার্থী মিরজানা নিকোলিচ এএফপিকে জানিয়েছিলেন, তারা আইন, সংসদীয় কার্যপ্রণালি এবং সংসদ সদস্যদের দায়িত্ব সম্পর্কে প্রস্তুতি নিচ্ছেন। সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর নতুন সংখ্যাগরিষ্ঠ জোটের সামনে ৯০ দিনের মধ্যে প্রধানমন্ত্রী মনোনয়ন, সরকারের কর্মসূচি উপস্থাপন এবং মন্ত্রিসভা গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ছাত্র আন্দোলন-সমর্থিত জোট স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষার প্রসার এবং প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে নতুন নেতৃত্বকে দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
মতামত দিন