ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যার ১২ ঘণ্টা পরও মামলা হয়নি, এলাকায় থমথমে পরিস্থিতি
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার মৃত্যুর ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। বুধবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লিখিত অভিযোগ বা মামলা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে গোটা এলাকায় উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, নিহত কৃষক দল নেতার লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ না পাওয়া গেলেও এ হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের শনাক্তকরণে মাঠে কাজ করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার কারণে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সুযোগ পেয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে সড়ক অবরোধের চেষ্টা চালান। এ সময় হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালান। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে এগিয়ে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারীরা রাজু মোল্লাকে একা পেয়ে তার ওপর হামলা চালান এবং একটি গাড়ির নিচে তাকে পিষে ফেলে পালিয়ে যান।
পরে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে রাজুর লাশ উদ্ধার করে। নিহত রাজু মোল্লা উপজেলার বাকপুরা গ্রামের মুক্তার মোল্লার ছেলে। কৃষক দল নেতার হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে রাতেই হাসপাতালে ছুটে যান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। তিনি এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি উপজেলা বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।
উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করে বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে রাজু মোল্লাকে একা পেয়ে হত্যা করেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি প্রতিবাদ সভার আয়োজন করেছেন।
মতামত দিন