ইরাক যুদ্ধের মতো অপপ্রচারের কৌশলে ইরানকে নিশানা করছে ইসরাইলপন্থিরা: আরাগচি

২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পক্ষে জনমত তৈরিতে যেভাবে গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল, একই কৌশলে এবার ইরানকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পক্ষে জনমত তৈরিতে যেভাবে গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল, একই কৌশলে এবার ইরানকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার দাবি, ইসরাইলপন্থি লবিগোষ্ঠী ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিবেশ তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আরাগচি। তিনি অভিযোগ করেন, গত কয়েক দিনে ইরানের বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন খবর ও অভিযোগ সামনে আনা হচ্ছে। এসব প্রচারণার পেছনে ইসরাইলপন্থি গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে।

আরাগচি বলেন, গত ৭২ ঘণ্টায় ইসরাইলপন্থি সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে যে, ইরান নাকি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে। একই সঙ্গে দেশটি বাঁধের নিচে ক্ষেপণাস্ত্র উৎপাদনের ঘাঁটি তৈরি করছে বলেও অভিযোগ তোলা হয়েছে। এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘ইরাক যুদ্ধের সময়কার মতো প্রচারণা থেকে আমাদের রেহাই দিন। বিশেষ করে যখন এর পেছনে ইসরায়েলের সংশ্লিষ্টতার স্পষ্ট ছাপ রয়েছে। এসব প্রচারণা আর কেউ বিশ্বাস করছে না।’ ২০০৩ সালে ইরাকে সামরিক অভিযান চালানোর আগে তৎকালীন মার্কিন প্রশাসন দাবি করেছিল, দেশটির কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং সেগুলো আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি।

এসব দাবির ভিত্তিতে ইরাকে হামলার পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরির চেষ্টা চালানো হয়েছিল। তবে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের মজুত থাকার দাবির পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তী সময়ে বিভিন্ন সরকারি তদন্ত ও অনুসন্ধানেও ওই গোয়েন্দা তথ্যের গুরুতর অসংগতি ও ভুল উঠে আসে। আরাগচির মতে, ইরানের বিরুদ্ধে বর্তমানে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলোর সঙ্গে ইরাক যুদ্ধের আগে প্রচারিত ওই গোয়েন্দা তথ্যের মিল রয়েছে। তার অভিযোগ, ইরানকে আন্তর্জাতিকভাবে হুমকি হিসেবে উপস্থাপন করে দেশটির বিরুদ্ধে নতুন সামরিক আগ্রাসনের অজুহাত তৈরির চেষ্টা চলছে।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে ইরানের বিস্তৃত পানি অবকাঠামো নির্মাণের সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচির সম্ভাব্য সম্পর্কের কথা বলা হয়। দেশটির বিভিন্ন বাঁধ ও পানি ব্যবস্থাপনা অবকাঠামো সামরিক প্রয়োজনে ব্যবহার করা হতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗