স্বার্থের সংঘাত: নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেয়ার ব্যবসা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেয়ার ব্যবসায় জড়িয়েছেন স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) কয়েকজন কর্মকর্তা। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়িত্বের সঙ্গে ব্যক্তিগত ব্যবসায়িক স্

নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেয়ার ব্যবসায় জড়িয়েছেন স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) কয়েকজন কর্মকর্তা। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়িত্বের সঙ্গে ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নজরে এসেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছে কমিশন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, পুঁজিবাজারের স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষায় বিএসইসির কঠোর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ।

পুঁজিবাজারের শীর্ষ এই প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রধান পদে থেকে তিনি আইন অমান্য করে অবৈধভাবে শেয়ার লেনদেন চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পুঁজিবাজারের শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসির তথ্যমতে, ওয়াজিদ হাসানের পাঁচটি বিও হিসাব রয়েছে। এর মধ্যে বর্তমানে তার তিনটি বিও হিসাব সক্রিয় রয়েছে। এসব হিসাবে তিনি নিয়মিত শেয়ার কেনাবেচা করেন। বিএসইসির আদেশ অনুযায়ী স্টক এক্সচেঞ্জ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীদের পুঁজিবাজারে যেকোনো সিকিউরিটিজে বিনিয়োগের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছে। নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন-কনভার্টিবল বন্ড (যা ইক্যুইটি শেয়ারে রূপান্তরযোগ্য নয়), সরকারি সিকিউরিটিজ, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এবং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড ব্যতীত পুঁজিবাজারের অন্য কোনো শেয়ার বা সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারবেন না।

কিন্তু বিএসইসির এই সুস্পষ্ট আইন ও নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করছেন না বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। প্রতিষ্ঠানের শীর্ষ নীতিনির্ধারক হয়েও তিনি নিষিদ্ধ ক্যাটাগরির শেয়ারে নিয়মিত লেনদেন চালিয়ে যাচ্ছেন। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) এড়াতে এবং বাজারের ভেতরের সংবেদনশীল তথ্যের অপব্যবহার রোধেই বিএসইসি এই নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু যাদের ওপর পুঁজিবাজারের সুশাসন ও নৈতিকতা শিক্ষাদানের দায়িত্ব, সেই বিআইসিএমের শীর্ষ কর্মকর্তাই যদি প্রকাশ্যে নিয়ন্ত্রক সংস্থার আদেশ লঙ্ঘন করেন, তবে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা তলানিতে গিয়ে ঠেকবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ আমার দেশকে বলেন, আমি চাকরিতে যোগদানের সময় শেয়ারব্যবসা পরিচালনার বিষয়ে বলে নিয়েছি। আমি ৩০ বছর ধরে শেয়ারবাজারে বিনিয়োগ করে আসছি।

অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) চাকরি বিধিমালা অনুযায়ী, কোনো কর্মকর্তা-কর্মচারী বা তাদের ওপর নির্ভরশীল আট ধরনের নিকটাত্মীয় (বাবা-মা, স্ত্রী-স্বামী, ছেলেমেয়ে, ভাইবোন, শ্বশুর-শাশুড়ি ও শ্যালক-শ্যালিকা) কোনোভাবেই সিকিউরিটিজ বা শেয়ারব্যবসার সঙ্গে জড়িত হতে পারবেন না। এমনকি ডিএসইতে যোগদানের আগে কোনো শেয়ারব্যবসা বা বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব থাকলে চাকরিতে প্রবেশের আগেই তা বন্ধ (ক্লোজ) করার স্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ডিএসইর কেউ কেউ নামে-বেনামে শেয়ারব্যবসা করেছেন। এর মধ্যে ডিএসইর বর্তমান প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়ার স্ত্রীর নামে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত একটি ব্রোকারেজ প্রতিষ্ঠানে বিও হিসাব চালু রেখে শেয়ার ব্যবসা করেছেন। আলোচ্য সময়ে শফিকুল ইসলাম ডিএসইর লিস্টিং বিভাগে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রীর বিও হিসাবে আলোচিত শেয়ার লেনদেন করেছেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗