নয়াবাজারে ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা নকল ‘ডাবল এ’ কাগজ জব্দ
পুরান ঢাকার নয়াবাজারে অভিযান চালিয়ে ‘ডাবল এ’ ব্র্যান্ডের ৪৪৪ রিম নকল কাগজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। দেশে উৎপাদিত এসব কাগজ ‘মেইড ইন থাইল্যান্ড’ লিখে বাজারে বিক্রি করা হচ্ছিল। গতকাল মঙ্গলবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১০) সহায়তায় নয়াবাজারের দুটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান চালিয়ে কাগজগুলো জব্দ করা হয়।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানায়। সিআইআইডি জানায়, অভিযানে ‘ডাবল এ’ ব্র্যান্ডের নাম ও ‘মেইড ইন থাইল্যান্ড’ লেখা কাগজ পাওয়া যায়। প্রথম অভিযানে ১৮৪ রিম এবং দ্বিতীয় অভিযানে ২৬০ রিম কাগজ জব্দ করা হয়।
অভিযানে পাওয়া তথ্য ও সংশ্লিষ্টদের বিবৃতি থেকে জানা গেছে, কাগজগুলো আসলে বাংলাদেশেই তৈরি। দেশে উৎপাদিত কাগজে বিদেশি ব্র্যান্ডের নাম ও উৎপত্তি দেশের ভুয়া পরিচয় ব্যবহার করে সেগুলো বাজারজাত করা হচ্ছিল। সিআইআইডির মতে, দেশীয় পণ্যে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে একদিকে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, অন্যদিকে বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।
সংস্থাটি ধারণা করছে, এ ধরনের নকল কাগজ উৎপাদন ও বাজারজাতকরণে আরও প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে। সেগুলো শনাক্ত করে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিক অভিযান চলবে বলে জানিয়েছে সিআইআইডি।
মতামত দিন