বাহরাইনে হামলার আশঙ্কা, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান
বাহরাইনে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নাগরিক ও বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে নিকটস্থ নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জারি করে মন্ত্রণালয়।
তবে কী ধরনের হুমকি তৈরি হয়েছে, এর উৎস কোথায় কিংবা কোন কোন এলাকায় ঝুঁকি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনসাধারণকে পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে সরকারি সূত্রগুলোর ওপর নির্ভর করার পাশাপাশি নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে নিরাপত্তা উদ্বেগ বেড়ে যাওয়ার মধ্যেই বাহরাইনের পক্ষ থেকে এ সতর্কতা জারি করা হলো।
এর আগে গত ১৫ নভেম্বর রোববারও একই ধরনের সতর্কতা জারি করেছিল বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সে সময় আকাশপথে হামলার খবরের পরিপ্রেক্ষিতে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়। বাহরাইন নিউজ এজেন্সির (বিএনএ) প্রকাশিত বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ইরানের বেশ কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত ও ধ্বংস করেছে।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা রাডার স্থাপনাকে লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মতামত দিন