পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের ওপর সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তিন ইসরাইলি ব্যক্তি ও চারটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। বুধবার দেশটির পররাষ্

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের ওপর সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তিন ইসরাইলি ব্যক্তি ও চারটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এ ঘোষণা দেন। অস্ট্রেলিয়া সরকারের এ সিদ্ধান্তের ফলে নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও সংগঠনগুলোর সঙ্গে অস্ট্রেলীয় নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক লেনদেন এবং তাদের কোনো ধরনের সহায়তা দেওয়া নিষিদ্ধ হবে। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও সংগঠনগুলো নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এ ছাড়া তারা অর্থ সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহিংস বসতি স্থাপনকারীদের সহায়তা করেছে।

তিনি বলেন, এসব কর্মকাণ্ড ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্রমেই নষ্ট করে দিচ্ছে। নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইসরাইলি বসতি স্থাপনকারী সংগঠন নাচালার প্রধান ড্যানিয়েলা ওয়েইস। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন। এ ছাড়া ইসরাইলি নির্মাণপ্রতিষ্ঠানের মাধ্যমে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে ভূমিকা রাখার অভিযোগে এলিয়াভ লিবির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের সম্পদ জব্দ ও তাদের ভ্রমণে নিষেধাজ্ঞার ব্যবস্থাও রয়েছে।

তিন ব্যক্তির মধ্যে রয়েছেন ড্যানিয়েলা ওয়েইস, এলিয়াভ লিবি ও ইতামার ইয়েহুদা লেভি। চারটি সংগঠন হলো নাচালা মুভমেন্ট, আমানা সেটেলমেন্ট অ্যাসোসিয়েশন, হাশোমের ইয়োশ এবং লেভির নির্মাণপ্রতিষ্ঠান আইয়াল হারি ইয়েহুদা কোম্পানি। অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার অন্যতম কারণ পশ্চিম তীরের ই১ বসতি প্রকল্প। জেরুজালেমের পূর্বদিকে পরিকল্পিত এই প্রকল্প বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে। একই সঙ্গে পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের ভৌগোলিক সংযোগও বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

এতে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা আরো জটিল হয়ে উঠতে পারে। পেনি ওং বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ই১ প্রকল্প ঘিরে সহিংসতা এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। প্রকল্পটির কারণে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় রয়েছেন ওই এলাকার কয়েকটি বেদুইন সম্প্রদায়ের মানুষ।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗