Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার 'এমটি তারা গ্যাস'-এর উপর হামলার ঘটনায় মঙ্গলবার তীব্র নিন্দা জানাল ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাগরিকের মধ্যে ২১ জনকে নিরাপদে তীরে সরিয়ে আনা হয়েছে, আহত দু'জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। বিদেশ মন্ত্রকের কথায়, "আমরা ১৬ নভেম্বর হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার 'এমটি তারা গ্যাস' (MT TARA GAS)-এর উপর হামলার নিন্দা জানাই।
জাহাজটিতে থাকা ২৪ জন ভারতীয় নাগরিকের মধ্যে ২১ জনকে নিরাপদে খাসাব বন্দরে সরিয়ে আনা হয়েছে, আহত দু'জন ভারতীয় ক্রুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন ভারতীয় নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন।" মন্ত্রকের তথ্য অনুযায়ী, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে চলতে থাকা অনুসন্ধান ও উদ্ধার কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, "উদ্ধারকাজে ওমান সরকারের সময়োচিত সহায়তা ও সহযোগিতার আমরা প্রশংসা করি।" জাহাজের উপর অব্যাহত হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, "এই অঞ্চলে জাহাজের উপর বারবার হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং তা অসামরিক নাবিকদের নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করার এই প্রবণতা অবশ্যই বন্ধ হতে হবে।
আন্তর্জাতিক আইন মেনে আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরবচ্ছিন্ন নৌচলাচল এবং বাণিজ্য ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করা প্রয়োজন।" এর আগে, বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছিলেন যে, ট্যাঙ্কারটির উপর পরবর্তী পর্যায়ে আরেকটি হামলা চালানো হয়, যার ফলে পুরো ক্রু জাহাজ ছেড়ে যেতে বাধ্য হয়। এক্স হ্যান্ডেলে সোনোয়াল লেখেন, "একটি উদ্বেগজনক ঘটনায়, পানামার পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার 'তারা গ্যাস' (TARA GAS)-এর উপর পুনরায় হামলা চালানো হয়েছে, যার ফলে পুরো ক্রু জাহাজটি ছেড়ে যেতে বাধ্য হয়। ২৪ জন ক্রুকে নিরাপদে খুঁজে পাওয়া গেলেও, একজন ভারতীয় নাবিক এখনও নিখোঁজ রয়েছেন।" কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে, নিখোঁজ নাবিককে খুঁজে বের করতে এবং উদ্ধার হওয়া ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচেষ্টা চলছে।
তিনি বলেন, "আমরা নিখোঁজ নাবিককে খুঁজে বের করার জন্য এবং উদ্ধার হওয়া ক্রুদের তাৎক্ষণিক নিরাপত্তা, কল্যাণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জাহাজ ব্যবস্থাপনা কোম্পানি ও আঞ্চলিক উদ্ধারকারী কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে সমন্বয় করছি।"
মতামত দিন