Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
প্রায় ১৫ বছর ধরে নিয়মিত লটারির টিকিট কেটে গেছেন। কিন্তু, কখনো বড় প্রাপ্তি হয়নি। অবশেষে মুখ তুলে চাইলেন ভাগ্যদেবতা। লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন এক কৃষক। ৪৫ বছর বয়স। নাম বলজিন্দর সিং। দেরাবাসির কাছে হুমায়ুনপুর গ্রামের বাসিন্দা।
পঞ্জাব স্টেট ডিয়ার দিওয়ালি বাম্পার লটারি ২০২৬ কেটে প্রথম পুরস্কার বাবদ অবশেষে ১২ কোটি টাকা জিতে নিলেন তিনি। কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন বলজিন্দর। দীপাবলির আগে হান্দেসরায় এক লটারি বিক্রেতার কাছ থেকে ৫০০ টাকার ওই টিকিটটি কিনেছিলেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি এই জয়ের কথা জানতে পারেন। এই পুরস্কার সিং পরিবারে আনন্দের জোয়ার নিয়ে এসেছে। তিনি ২০১০ সাল থেকে লটারির টিকিট কিনছেন, কিন্তু এর আগে কখনো বড় কোনও পুরস্কার জেতেননি। দুই সন্তানের বাবা বলজিন্দর জানান, ১২ কোটি টাকার জ্যাকপট জিতেছেন- এ কথা জানার পর তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, "অবশেষে ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দিয়েছেন।" হঠাৎ এই প্রাপ্তি হওয়ায়, পুরস্কারের অর্থ তিনি কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানান বলজিন্দর। জয়ের খবর জানার পর, পুরস্কার দাবি করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সিং তাঁর বন্ধুদের সঙ্গে জিরাকপুরে যান। ১২ কোটি টাকার এই প্রথম পুরস্কারটি ছিল 'পঞ্জাব স্টেট ডিয়ার দিওয়ালি বাম্পার লটারি ২০২৬'-এর অংশ। লটারি সংক্রান্ত আধিকারিকদের তথ্য অনুযায়ী, এই প্রতিযোগিতার জন্য ৩৬ লক্ষ টিকিট ছাপানো হয়েছিল। টিকিটগুলি ১২টি সিরিজে বিলি করা হয়েছিল, যেগুলোর নামকরণ করা হয়েছিল রাশিচক্রের ১২টি রাশির—মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন—অনুসারে। গত সেপ্টেম্বর মাসে কেরলে লটারি কেটে ৩০ কোটি টাকা পেয়েছিলেন প্রথম পুরস্কার-প্রাপক। কেরলের কান্নুর জেলার চক্রকালে এক এজেন্সির কাছ থেকে কাটা হয়েছিল ওই লটারি।
থিরুভোনাম বাম্পার লটারির ওই টিকিট ভাগ্য ঘুরিয়ে দেয় লটারি জয়ীর। রাজ্য লটারি দফতর সূত্রে জানা যায়, টিকিটটির নম্বর ছিল TL 360615। এই টিকিটের ক্রেতাই গোর্কি ভবনে হওয়া লটারি প্রতিযোগিতায় জয়ী হন। এর পরিচালনা করেন স্বাস্থ্যমন্ত্রী কে মুরলীধরন। লটারির মূল্য ছিল ৫০০ টাকা । এ বছর ৯০ লক্ষ লটারি ছাপিয়েছিল থিরুভোনাম বাম্পার লটারি। সবগুলিই বিক্রি হয়ে গিয়েছিল।
মতামত দিন