রুগ্‌ণ ব্যাংকিং সেক্টর ও অর্থনীতির সংকট

বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংক খাতের চলমান সংকট বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি দীর্ঘ সময়ের নজিরবিহীন ক্ষমতার অপব্যবহার, সুশাসন ও দক্ষতার অভাবে চলে আসা দুর্নীতি এবং লুটপাটের এক করুণ চিত্র। অতীত সরকারের

বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংক খাতের চলমান সংকট বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি দীর্ঘ সময়ের নজিরবিহীন ক্ষমতার অপব্যবহার, সুশাসন ও দক্ষতার অভাবে চলে আসা দুর্নীতি এবং লুটপাটের এক করুণ চিত্র। অতীত সরকারের সময়ে নিরবচ্ছিন্ন তদারকির অভাবে দেশের আর্থিক খাত যে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে, এর বস্তুনিষ্ঠ চিত্র উঠে এসেছে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রস্তুতকৃত অর্থনীতিবিষয়ক শ্বেতপত্রে। যেখানে বলা হয়েছে, এই ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ২৮ লাখ কোটি টাকার সমপরিমাণ । এই সুপরিকল্পিত আর্থিক হরিলুটের কেন্দ্রবিন্দুতে ছিল ব্যাংক খাত, যা আজ সমগ্র অর্থনীতিকে পর্যুদস্ত করে দিয়েছে। এ দেশকে এক গভীর ‘লো লেভেল গ্রোথ ট্র্যাপের (Low-level growth trap) অথৈ সাগরে নিক্ষেপ করেছে।

প্রয়োজনীয় সমীক্ষা ছাড়া রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের ছড়াছড়ি ও প্রাতিষ্ঠানিক বিপর্যয় একটি দেশের অর্থনৈতিক আয়তন, জিডিপির আকার এবং কেন্দ্রীয় ব্যাংকের তদারকি সক্ষমতার কথা না ভেবে সম্পূর্ণ রাজনৈতিক ও সংকীর্ণ দলীয় বিবেচনায় একের পর এক ব্যাংকের লাইসেন্স দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিল বিগত সরকার। ২০১৩ সালে প্রয়োজনীয় সমীক্ষা ছাড়াই একসঙ্গে ৯টি নতুন বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ফারমার্স ব্যাংক (বর্তমান পদ্মা ব্যাংক), ইউনিয়ন ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক (বর্তমান গ্লোবাল ইসলামী ব্যাংক), মেঘনা ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এসবিএসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও মধুমতি ব্যাংক ইত্যাদি। পরে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে প্রবাসীকল্যাণ ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সিটিজেনস ব্যাংক এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশসহ আরো চারটি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। যেখানে আগের ব্যাংকগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না, সেখানে নতুন ব্যাংক অনুমোদন দেওয়া অর্থনীতির জন্য মোটেই সমীচীন হয়নি। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫টিতে। অথচ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রাতিষ্ঠানিক অর্গানোগ্রাম ও জনবলের সক্ষমতা অনুযায়ী কার্যকর এবং নিবিড় তদারকি করা সম্ভব বড়জোর ১০টি ব্যাংকের।

অথচ তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে ৬৫টি বাণিজ্যিক ব্যাংক এবং ৩৫টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) । এই (৬৫+৩৫) ১০০টি প্রতিষ্ঠানের দুর্বল তদারকির সুযোগ নিয়ে রাজনৈতিক বলয়ের মাফিয়া চক্র এবং ব্যাংকগুলোর কিছু অসাধু পরিচালক ব্যাংকিং আইন নিজেদের সুবিধামতো সংশোধন করে নিয়েছেন। ফলে পুরো খাতে পরিবারতন্ত্র, স্বেচ্ছাচারিতা ও ঋণ প্রদানে বায়বীয় মর্টগেজের বিপরীতে ভুয়া ঋণ প্রদান এবং সীমাহীন লুটপাট ঘটে। এর মূর্ত প্রতীক হিসেবে ইউনিয়ন ব্যাংক বা গ্লোবাল ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোতে আজ খেলাপি ঋণের (এনপিএল) হার ৯৬ থেকে ৯৭ শতাংশ ছাড়িয়ে গেছে, পদ্মা ব্যাংকসহ অন্তত ১০টি ব্যাংক সম্পূর্ণ দেউলিয়া বা তারল্যহীন (Technically Bankrupt) অবস্থায় পৌঁছেছে। ফলে, ২০২৪ অর্থবছর শেষে ব্যাংক খাতের দুর্দশাগ্রস্ত বা খেলাপি ঋণের ‘ব্ল্যাকহোল’ ৬ লাখ ৭৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। তুলনামূলক অর্থনীতির হিসাব করলে এই অসংগতির চিত্র আরো স্পষ্ট হয়ে ওঠে। ভারতের জিডিপির আকার ৪ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি হলেও সেখানে সরকারি ও বেসরকারি মালিকানায় বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা মাত্র ৩৩টি।

অন্যদিকে, বাংলাদেশের জিডিপির আকার মাত্র শূন্য দশমিক ৫ ট্রিলিয়ন ডলার অর্থাৎ ভারতের ১০ ভাগের একভাগ । গত ১০ বছরের অর্থনৈতিক পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, ভারতে জিডিপির গড় প্রবৃদ্ধির হার ছিল প্রায় ৬ দশমিক ৫ থেকে ৭ দশমিক ০ শতাংশ (সর্বশেষ ২০২৫ অর্থবছরে যা ৭ দশমিক ৭ শতাংশের বেশি)। এর বিপরীতে, বাংলাদেশে গত এক দশকে গড় প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৭ শতাংশের কাছাকাছি থাকলেও গত অর্থবছরে (২০২৪-২৫) তা ব্যাপকভাবে কমে ৩ দশমিক ৪৯ শতাংশে নেমে এসেছে। ভারতের মতো বিশাল অর্থনীতির দেশ যেখানে মাত্র ৩৩টি ব্যাংক দিয়ে দক্ষতার সঙ্গে তাদের পুরো আর্থিক বাজার পরিচালনা করছে, সেখানে দুর্বল অর্থনীতি ও ভঙ্গুর তদারকি ব্যবস্থার বাংলাদেশে ৬৫টি ব্যাংক শুধু গলার কাঁটা নয়, বরং সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার জন্য একটি বড় সংকট। উন্নয়নের সহায়ক না হয়ে উন্নয়নের পথে প্রতিবন্ধক হয়ে উঠেছে। দেশের চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও উচ্চপর্যায়ের ব্যবস্থাপনায় এমন কোনো দক্ষ, দূরদর্শী বা সৎ নেতৃত্ব কখনোই ছিল না, যারা ব্যাংকগুলোকে সঠিক ট্র্যাকে পরিচালনা করে জাতীয় অর্থনীতিতে কোনো ইতিবাচক অবদান রাখতে পারত।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗