ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্রে হামলার পরিকল্পনার অভিযোগ উড়িয়ে দিল ইরান
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রাসায়নিক অস্ত্র কিংবা তেজস্ক্রিয় পদার্থবাহী ‘ডার্টি বোমা’ দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান—মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এমন খবর প্রকাশের পর তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। অভিযোগটিকে ‘ভিত্তিহীন প্রচারণা’ আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানকে ঘিরে নতুন করে যুদ্ধের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগের জবাব দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ইরানবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ তোলেন তিনি। আরাগচি বলেন, গত ৭২ ঘণ্টায় ইসরাইলপন্থি হিসেবে পরিচিত কিছু সংবাদমাধ্যম প্রচার করেছে, ইরান নাকি ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে।
পাশাপাশি বাঁধের নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণের অভিযোগও সামনে আনা হয়েছে। এসব খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেন তিনি। তিনি আরো বলেন, ‘ইরাক যুদ্ধের সময়কার মতো প্রচারণা থেকে আমাদের রেহাই দিন। বিশেষ করে এর পেছনে যখন ইসরাইলের সংশ্লিষ্টতার ছাপ রয়েছে। এসব প্রচারণা আর কেউ বিশ্বাস করছে না।’ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এ অভিযোগের সমালোচনা করেছেন।
তার ভাষায়, একই ধরনের উসকানি ও যুদ্ধের পক্ষে জনমত তৈরির প্রচেষ্টা এবার নতুন কিছু সংবাদমাধ্যমের মাধ্যমে চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ও নিউইয়র্ক টাইমসকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। ইরানের এই প্রতিক্রিয়ার সূত্রপাত হয় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ১৬ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনের পর। সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এমন কিছু তথ্য পেয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে ইরান ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার সম্ভাব্য পরিকল্পনা তৈরি করছে। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য হামলায় তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে সক্ষম ‘ডার্টি বোমা’ অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় থাকতে পারে।
মার্কিন গোয়েন্দাদের হাতে আসা তথ্য অনুযায়ী, সম্ভাব্য হামলার জন্য নির্দিষ্ট কিছু স্থান ও লক্ষ্যবস্তুও চিহ্নিত করা হয়েছে বলে দুটি সূত্র দাবি করেছে। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দাদের হাতে আসা তথ্যকে এখনই আসন্ন হামলার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে না। বরং সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প তৈরি করার প্রচেষ্টা হিসেবে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ইরানের এমন হামলা চালানোর সক্ষমতা কিংবা বাস্তবিক ইচ্ছা রয়েছে কি না, তা নিয়েও মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।
মতামত দিন