শিল্পাঞ্চলে সহিংসতা ও নাশকতা চলছেই

সরকারের নানা উদ্যোগ, মজুরি বোর্ড গঠন এবং শ্রমিক-মালিকপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও ধারাবাহিক নাশকতা থামছে না। কয়েক দিন পরিস্থিতি কিছুটা শান্ত থাকার পর গতকাল মঙ্গল

সরকারের নানা উদ্যোগ, মজুরি বোর্ড গঠন এবং শ্রমিক-মালিকপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও ধারাবাহিক নাশকতা থামছে না। কয়েক দিন পরিস্থিতি কিছুটা শান্ত থাকার পর গতকাল মঙ্গলবার ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে আবার বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দরেও শ্রমিকরা বিক্ষোভ করেন। এতে সেখানে কয়েক ঘণ্টা পণ্য ওঠানামা বন্ধ ছিল। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা শ্রমিক আন্দোলনকে উসকে দেওয়ার পাশাপাশি আগামীকালের কথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছে বলে অভিযোগ উঠেছে। আগুন দেওয়া হচ্ছে বাস, ট্রেনসহ বিভিন্ন পরিবহনে। সরকারি-বেসরকারি স্থাপনায় আগুন ও ককটেল এবং পেট্রোলবোমা নিক্ষেপ করা হচ্ছে। গোয়েন্দা সূত্র বলছে, আওয়ামী সন্ত্রাসী বাহিনী রাজধানী ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়েছে।

এ লক্ষ্যে ঢাকার আশপাশের জেলায় প্রশিক্ষিত ক্যাডার বাহিনী নিয়োগ করা হয়েছে। এমন পরিস্থিতিতে রাজধানীসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপালগঞ্জ, ঢাকার সাভার ও আশুলিয়া এবং গাজীপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অন্তত ৪২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছেন এসআরবি ও এপিবিএন সদস্যরাও। জোরদার করা হয়েছে টহল ও তল্লাশি। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, বিদেশে অবস্থান করে আওয়ামী লীগ নেতারা বিভিন্ন এলাকায় কমিটি গঠন করে সরকারি স্থাপনায় হামলা এবং সহিংসতা ছড়ানোর পরিকল্পনা করছেন। শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টাও করছেন তারা। গোপালগঞ্জ ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এসব কর্মকাণ্ডে ইন্ধনদাতা, নির্দেশদাতা, অর্থায়নকারী ও সংগঠকদের শনাক্ত করতে কাজ করছেন গোয়েন্দারা।

ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিয়মিত অভিযান, টহল ও তল্লাশির পাশাপাশি সহিংসতায় জড়িতদের শনাক্তে ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সংগ্রহ করা হচ্ছে। গতকাল রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তার করা আসামিদের ছিনিয়ে নেয় আওয়ামী লীগকর্মীরা। তারা পুলিশের গাড়িও পুড়িয়ে দেয়। লুট করা হয় পুলিশের অস্ত্র। প্রাণভয়ে পুলিশ সদস্যরা থানা ছেড়ে কিছু সময়ের জন্য নিরাপদে চলে যেতে বাধ্য হন। সেখানে আওয়ামী সন্ত্রাসীরা জয় বাংলা স্লোগান দিয়ে গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর বাড়িতে আগুন দেয়।

রাজধানীর মিরপুর, পল্লবী, বাড্ডা, মহাখালীসহ কয়েকটি স্থানে বাসে আগুন দেওয়া হয়। এছাড়া মহাখালী, মোহাম্মদপুর, লালবাগ ও যাত্রাবাড়ীসহ কয়েকটি স্থানে রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানো হয়। অপরদিকে রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও পলাতক আওয়ামী লীগ নেতা মোজ্জাম্মেল হকের বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে সন্ধ্যা থেকে রাজধানীসহ সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের দাবি, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতারা অঞ্চলভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে নাশকতার নির্দেশনা দিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি অডিও বার্তায় আগামীকাল প্রতিটি ইউনিয়নে দুই থেকে তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কোনো অডিওতে বিএনপি নেতাদের পিটিয়ে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিতে শোনা যায়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗