একযোগে পদত্যাগ করলেন বিএনপির ৩১ নেতা
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন। ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। ৩১ জন পদত্যাগপত্রে স্বাক্ষর করলেও তা জমা দিতে উপস্থিত হন ১০ জন। স্থানীয় সূত্রে জানা যায়, চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট কমিটির ৩১ নেতা জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন, সহসভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহসাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা। ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বলেন, জাবেদ হোসেন বিভিন্ন নারীকে বিধবা ভাতা দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। এ ছাড়া তিনি জুয়াসহ বিভিন্ন অপকর্মে জড়িত। নারীসংক্রান্ত কেলেঙ্কারির ঘটনায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তাদের এবং দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।
এ কারণে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে ভিন্ন অবস্থানের কথা জানিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া। তিনি বলেন, তারা কোনো কর্মীকে হারাতে চান না। পদত্যাগপত্রটি আপাতত নিজের কাছে রেখেছেন, সাংগঠনিকভাবে গ্রহণ করেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, এক বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে গত ১৩ এপ্রিল চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। এর প্রায় ছয় মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটুর স্বাক্ষরে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদেই ওয়ার্ড কমিটির ৩১ নেতা পদত্যাগের উদ্যোগ নেন।
মতামত দিন