সুনামগঞ্জে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ, ১ জনের মৃত্যু
পূর্ববিরোধের জের ধরে সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রবজুল হক মোড়ল মিয়া (৪৫)জেলার শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ২০ জন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জমির হোসেনের লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়ল গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রবজুল হক মোড়ল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রশান্ত দাস তালুকদার বলেন,হাসপাতালে নিয়ে আসার আগেই সংঘর্ষে আহত রবজুল হক মোড়ল মিয়ার মৃত্যু হয়েছে।
মতামত দিন